বলিউড তারকা শাহরুখ খানের প্রতি ভালোবাসা থেকে স্কুলজীবনে পরীক্ষা ফাঁকি দিয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। একাদশ শ্রেণিতে পড়ার সময় এক বন্ধুকে নিয়ে শাহরুখের সঙ্গে দেখা করতে চলে গিয়েছিলেন ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই স্মৃতির কথা জানিয়েছেন তিনি।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘আক্কা’র প্রচারে গিয়ে শাহরুখের সঙ্গে প্রথম সাক্ষাতের গল্প শোনান কীর্তি। প্রথমে অ্যাটলির জন্মদিনের অনুষ্ঠানের কথা মনে পড়লেও পরে তাঁর মনে পড়ে স্কুলজীবনের সেই ঘটনার কথা।
কীর্তির বড় বোন শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি পরিচালক প্রিয়দর্শনের সহকারী হিসেবে সাত-আট বছর কাজ করেছিলেন তিনি। সেই সূত্রেই ‘বিল্লু’ সিনেমার শুটিং সেটে যাওয়ার সুযোগ পান কীর্তি। এক বন্ধুকে নিয়ে পরীক্ষা না দিয়েই সেখানে হাজির হয়েছিলেন অভিনেত্রী।
শাহরুখের সঙ্গে তোলা সেই দিনের একটি ছবিও এখনো নিজের কাছে রেখেছেন কীর্তি। তবে ছবিতে নিজের পোশাক নিয়ে খুব একটা সন্তুষ্ট নন তিনি। পুরোনো সালোয়ার ও কপালে বড় টিপ পরা অবস্থায় ছবিটি তোলা হয়েছিল বলে জানিয়েছেন অভিনেত্রী। তাই ছবিটি প্রকাশ্যে আনতে চান না।
কীর্তির বাবা মালয়ালম চলচ্চিত্রের প্রযোজক জি সুরেশ কুমার চাইতেন, অভিনয়ে আসার আগে মেয়ে পড়াশোনা শেষ করে স্নাতক ডিগ্রি অর্জন করুক। তবে শাহরুখের সঙ্গে দেখা করার সেই সুযোগ স্কুলজীবনের স্মৃতিতে বিশেষ জায়গা করে নিয়েছে কীর্তির।