বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই স্বামী অভিষেক বচ্চনের হাত ধরে মণীশ মালহোত্রার দীপাবলি পার্টিতে হাজির হলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। ৫ নভেম্বর মুম্বাইয়ে আয়োজিত এই অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে উপস্থিতি নজর কেড়েছে ভক্ত ও আলোকচিত্রীদের।
অনুষ্ঠানে ঐশ্বরিয়ার পরনে ছিল ডিজাইনার মণীশ মালহোত্রার তৈরি গাঢ় লাল শিফন সিল্ক শাড়ি। সোনালি জরি ও সিকুইনের কাজ করা শাড়ির সঙ্গে কুন্দন-পোলকির গয়না, লাল লিপস্টিক ও খোলা চুলে নজরকাড়া সাজে ধরা দেন তিনি। অন্যদিকে কালো এমব্রয়ডারি করা শেরওয়ানিতে দেখা যায় অভিষেককে।
পার্টিতে প্রবেশের সময় দুজনকে হাত ধরে থাকতে দেখা যায়। আলোকচিত্রীদের সামনে একসঙ্গে ছবি তোলেন তাঁরা। আলাদা ছবি তোলার অনুরোধও এড়িয়ে যান এই দম্পতি। ক্যামেরার সামনে অভিষেককে ঐশ্বরিয়াকে কাছে টেনে নিতে এবং দুজনকে হাসিমুখে কথা বলতে দেখা যায়। তাঁদের এসব মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে কারিনা কাপুর, সাইফ আলি খান, অক্ষয় কুমার ও মাধুরী দীক্ষিতের মতো তারকারাও উপস্থিত ছিলেন। তবে সন্ধ্যার অন্যতম আলোচিত আকর্ষণ হয়ে ওঠেন অভিষেক-ঐশ্বরিয়া।
১৯৯৯-২০০০ সালের দিকে একটি ফটোশুটে প্রথম পরিচয় হয় তাঁদের। পরে ‘ঢাই অক্ষর প্রেম কে’, ‘উমরাও জান’, ‘গুরু’ ও ‘ধুম ২’ সিনেমায় একসঙ্গে কাজ করেন। ২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন এই জুটি। ২০১১ সালে তাঁদের ঘরে জন্ম নেয় মেয়ে আরাধ্যা। বিভিন্ন সময়ে বিচ্ছেদের গুঞ্জন উঠলেও একাধিক অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেছে তাঁদের। এবার দীপাবলি পার্টির ঘনিষ্ঠ মুহূর্তগুলো সেই আলোচনা নতুন করে সামনে এনেছে।