২০২২ সালে মুক্তি পাওয়া কমল হাসান অভিনীত ‘বিক্রম’ সিনেমায় রোলেক্স চরিত্রে সূরিয়ার উপস্থিতি দর্শকদের চমকে দিয়েছিল। লোকেশ কানাগরাজের সিনেম্যাটিক ইউনিভার্সের (এলসিইউ) এই গুরুত্বপূর্ণ খলনায়ককে নিয়ে স্বতন্ত্র সিনেমা নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছিলেন পরিচালক। তবে চার বছর পেরিয়ে গেলেও সেই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এবার নিজের নতুন সিনেমা ‘সিন’-এর প্রচারে গিয়ে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সূরিয়া।
প্রচারণা অনুষ্ঠানে ভক্তদের রোলেক্স সিনেমা নিয়ে প্রশ্নের জবাবে সূরিয়া জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং কিছু প্রক্রিয়াও এগিয়েছে। এরপর লোকেশকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দয়া করে লোকিকে বলুন, সে যেন আমাকে ফোন করে। তাকে আমার সঙ্গে দেখা করতে বলুন। আমরা কাজটি বাস্তবায়ন করব।’
একই অনুষ্ঠানে খলনায়কের চরিত্রে অভিনয়ের আগ্রহও প্রকাশ করেন অভিনেতা। ভক্তদের কাছে জানতে চান, তাঁরা তাঁকে নায়ক নাকি খলনায়ক হিসেবে দেখতে চান। দর্শকদের খলনায়কের পক্ষে সাড়া পেয়ে সেই ধরনের চরিত্রে অভিনয়ের ইঙ্গিত দেন তিনি।
‘বিক্রম’-এর শেষ দিকে রোলেক্স চরিত্রে সূরিয়ার পরিচয় প্রকাশ পায়। চোরাচালান চক্রের প্রধান এই চরিত্রের সঙ্গে বিক্রম ও দিল্লির দ্বন্দ্বের সূত্রও তৈরি হয়। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কাইথি’ সিনেমায় দিল্লি চরিত্রে অভিনয় করেছিলেন সূরিয়ার ভাই কার্থি।
লোকেশ কানাগরাজের এলসিইউর যাত্রা শুরু হয় ২০১৯ সালে ‘কাইথি’ দিয়ে। এরপর ২০২২ সালে ‘বিক্রম’ এবং ২০২৩ সালে বিজয় অভিনীত ‘লিও’ এই ইউনিভার্সে যুক্ত হয়। পরবর্তী সিনেমা ‘বেনজ’ পরিচালনা করছেন বক্কিয়ারাজ কান্নান। এতে অভিনয় করছেন রাঘব লরেন্স, সংযুক্তা, নিবিন পাউলি ও রবি মোহন। সিনেমাটি প্রযোজনা করছেন লোকেশ।
এ ছাড়া ‘কাইথি ২’, ‘বিক্রম ২’ ও ‘চ্যাপ্টার জিরো’ নিয়েও পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা। তবে এসব প্রকল্পের কাজ এখনো বাস্তবায়িত হয়নি। বর্তমানে আল্লু অর্জুন অভিনীত ‘এএ ২৩’ সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন লোকেশ। ফলে রোলেক্স সিনেমার ভবিষ্যৎ নিয়ে দর্শকদের অপেক্ষা এখনো শেষ হচ্ছে না।