বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের জন্য বড় চমক নিয়ে হাজির হয়েছেন অভিনেতা। তাঁর বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার ‘কিং’-এর প্রথম গান ‘তু মিল জায়ে’ প্রকাশ পেয়েছে মধ্যরাতে। মুক্তির পরপরই রোমান্টিক গানটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে উচ্ছ্বাস।
গত বছর শাহরুখের ৬০তম জন্মদিনে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার ভক্তরা টিজার কিংবা ট্রেলারের অপেক্ষায় থাকলেও তাঁদের জন্য প্রকাশ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। এতে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনের রোমান্টিক রসায়ন নতুন করে ধরা দিয়েছে পর্দায়।
গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচি। পাশাপাশি যুক্ত হয়েছে বিশ্বখ্যাত পপ তারকা এড শিরানের র্যাপ। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার এই গানের শুরুতেই শোনা যায় শাহরুখের পরিচিত সংলাপ—‘মেঁ কাতিল নেহি, আশিক হুঁ, অউর নিশানা মেরি মাশুকা, অউর ও আশিক হি ক্যা জো দিল চির না দে।’
গানের শুরুতে মনোরম লোকেশনে শাহরুখ ও দীপিকার প্রেমের মুহূর্তগুলো ফুটে উঠেছে। শাহরুখকে দেখা গেছে তাঁর চেনা চার্ম ও স্টাইলিশ ছোট কালো চুলে। অন্যদিকে দীপিকাও নজর কেড়েছেন নিজের সৌন্দর্যে। তবে পুরো গানজুড়েই শুধু রোমান্স নয়, রয়েছে উত্তেজনা ও অ্যাকশনের আভাস। আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে জড়িয়ে থাকা শাহরুখের চরিত্রের অন্ধকার দিকটিও উঠে এসেছে কিছু দৃশ্যে।
একপর্যায়ে বদলে যায় রোমান্টিক আবহ। পর্দায় দেখা যায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও সহিংসতার দৃশ্য। সল্ট-অ্যান্ড-পেপার লুকে শাহরুখের উপস্থিতি, শরীরে রক্তের দাগ এবং আগুনের পটভূমিতে অ্যাকশন দৃশ্যগুলো মিউজিক ভিডিওতে যোগ করেছে ভিন্ন মাত্রা।
শচীন-জিগরের সুরে সাজানো ‘কিং’ প্রযোজনা করেছে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট ও মারফ্লিক্স পিকচার্স। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। এতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত।
তিন দশকেরও বেশি সময় আগে ‘কোই না কোই চাহিয়ে, পেয়ার কারনে ওয়ালা…’ গানের মধ্য দিয়ে পর্দায় এসেছিলেন এক তরুণ। চোখে বড় স্বপ্ন, এলোমেলো চুল আর চঞ্চল উপস্থিতি নিয়ে শুরু হয়েছিল তাঁর যাত্রা। সেই তরুণই আজ বলিউডের বাদশাহ শাহরুখ খান। শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে কোটি ভক্তের ভালোবাসায় সিক্ত এই অভিনেতা ৬১তম জন্মদিনে পা রাখলেন। দীর্ঘ ক্যারিয়ারে রোমান্টিক নায়ক হিসেবে পরিচিতি পেলেও অ্যাকশন ও অভিনয়ের নানা বৈচিত্র্যে নিজেকে বারবার নতুনভাবে তুলে ধরেছেন তিনি। জন্মদিনে ‘কিং’-এর প্রথম গান প্রকাশ ভক্তদের জন্য তাই বাড়তি আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।