আসন্ন মহাকাবিক সিনেমা ‘রামায়ণ’-এর প্রচার করতে গিয়ে অবাক করা মন্তব্য করেছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তাঁর দাবি, আধুনিক যুগে ইলন মাস্ক উড়ন্ত গাড়ি আবিষ্কারের কথা বললেও আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগেই প্রাচীন ভারতে এর অস্তিত্ব ছিল।

সম্প্রতি নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য ‘রামায়ণ’ সিনেমাটি নিয়ে কথা বলার সময় রামচন্দ্র ও রাবণের আমলের বিভিন্ন অলৌকিক সৃষ্টির প্রসঙ্গ তোলেন অভিনেতা। এ সময় তিনি টেসলার নতুন প্রজন্মের রোডস্টার গাড়ির সাম্প্রতিক প্রদর্শনীর উদাহরণ টেনে বলেন, ইলন মাস্ক সম্প্রতি উড়ন্ত গাড়ি বা ফ্লাইং কার নিয়ে এলেও ভারত প্রায় পাঁচ হাজার বছর আগেই রাবণের পুষ্পক রথের মাধ্যমে তা করে দেখিয়েছিল। যুক্তরাষ্ট্রের টেক্সাসে টেসলার সেই গাড়ির উড়ন্ত প্রদর্শনীর সঙ্গেই মূলত পৌরাণিক এই যানের তুলনা করেছেন তিনি।