মার্ভেলের নতুন সিরিজ ‘ভিশনকোয়েস্ট’-এর শেষ দৃশ্যে মিলেছে বড় চমক। দীর্ঘদিন ধরে মৃত বলে ধারণা করা স্কারলেট উইচ ওরফে ওয়ান্ডা ম্যাক্সিমফের ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছে এতে। ফলে আগামী ১৭ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’তে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে ওয়ান্ডাকে দেখা যেতে পারে বলে ধারণা করছেন দর্শকরা।
বুধবার জিওহটস্টারে মুক্তি পেয়েছে টেরি মাতালাস পরিচালিত ‘ভিশনকোয়েস্ট’-এর শেষ পর্ব। ২০২১ সালে মুক্তি পাওয়া ‘ওয়ান্ডাভিশন’ দিয়ে শুরু হওয়া সিরিজ ট্রিলজির শেষ কিস্তি এটি। এর আগে ২০২৪ সালে মুক্তি পেয়েছিল স্পিন-অফ ‘আগাথা অল অ্যালং’। নতুন সিরিজের মূল গল্পে রয়েছে ভিশনের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রোগ্রাম আলট্রনের সংঘাত।
ওয়ান্ডার ফিরে আসার ইঙ্গিত
‘ভিশনকোয়েস্ট’-এর শেষ দৃশ্যেই রয়েছে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ। ২০২২ সালের ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’-এর শেষ দিকে ওয়ান্ডা নিজের ক্ষমতায় ওয়ান্ডাগোর পর্বত ধসিয়ে দেন। এরপর থেকে এমসিইউতে তাঁকে আর দেখা যায়নি।
তবে নতুন সিরিজের সমাপ্তিতে দেখা যায়, ডক্টর ডুম ধ্বংসস্তূপ সরিয়ে ওয়ান্ডাকে খুঁজে বের করছেন। এরপর তিনি বলেন, ‘স্কারলেট উইচ, জেগে ওঠো। তোমার শক্তি আমার হবে।’ ডক্টর ডুমের কণ্ঠ শুনে চোখ খুলে তাকান ওয়ান্ডা। এই দৃশ্য তাঁর প্রত্যাবর্তনের সম্ভাবনাকে আরও জোরালো করেছে।
ডক্টর ডুমকে ঘিরে রহস্য
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র আগে এমসিইউর বিভিন্ন সিনেমা ও পোস্ট-ক্রেডিট দৃশ্যে ডক্টর ডুমের উপস্থিতির ইঙ্গিত দেওয়া হয়েছে। ‘দ্য ফ্যান্টাস্টিক ফোর: ফার্স্ট স্টেপস’-এর শেষ দৃশ্যেও তাঁকে দেখা যায়। সেখানে রিড রিচার্ডস ও সু স্টর্মের সন্তান ফ্র্যাঙ্কলিনের সঙ্গে তাঁর উপস্থিতি নতুন রহস্য তৈরি করে।
এ ছাড়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ট্রেলারে রিড রিচার্ডসকে ডক্টর ডুমের উদ্দেশে প্রশ্ন ছুড়তে দেখা গেছে। অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’-এর পোস্ট-ক্রেডিট দৃশ্যেও ব্রুস ব্যানারকে উদ্দেশ করে ডুমের কণ্ঠ শোনা যায়।
সাত বছর পর ‘অ্যাভেঞ্জার্স’ ফ্র্যাঞ্চাইজিতে ফিরছেন পরিচালক রুশো ব্রাদার্স। রবার্ট ডাউনি জুনিয়রও ফিরছেন, তবে এবার টনি স্টার্ক বা আয়রন ম্যান নয়, ডক্টর ডুম চরিত্রে। সিনেমাটিতে হাল্ক, স্টিভ রজার্স, থর ও হকআই চরিত্রেও ফিরবেন যথাক্রমে মার্ক রাফালো, ক্রিস ইভান্স, ক্রিস হেমসওর্থ ও জেরেমি রেনার।