বলিউডের নবাব পরিবারের সদস্য হলেও বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন সাবা পতৌদি। মা শর্মিলা ঠাকুর, ভাই সাইফ আলী খান ও বোন সোহা আলী খান অভিনয়জগতের পরিচিত মুখ। তবে পরিবারের অন্যদের মতো অভিনয়ে না এসে নিজের মতো জীবন বেছে নিয়েছেন সাবা। ৫০ বছর পেরিয়েও বিয়ে না করার কারণ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি।

নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদির সঙ্গে আলাপচারিতায় সাবা জানান, ১৮-১৯ বছর বয়স থেকেই তাঁর কাছে বিয়ের প্রস্তাব আসত। এমনকি ১৯ বছর বয়সে কলকাতার এক ব্যক্তির সঙ্গে বিয়ের কথাও প্রায় চূড়ান্ত হয়েছিল। তবে তখন মানসিকভাবে প্রস্তুত না থাকায় সেই সম্পর্ক আর এগোয়নি।

পরবর্তী সময়ে জীবনসঙ্গী খুঁজতে আপত্তি না থাকলেও মনের মতো কাউকে পাননি তিনি। সাবার মতে, সম্পর্কের ক্ষেত্রে মানসিক ও জীবনযাপনের মিলের পাশাপাশি পারস্পরিক শ্রদ্ধা, যত্ন ও বন্ধুত্ব জরুরি।

জীবনসঙ্গী নির্বাচনে বাবা মনসুর আলী খান পতৌদির মূল্যবোধও তাঁকে প্রভাবিত করেছে। সাবা জানান, তাঁর বাবা ছিলেন ব্যক্তিত্বসম্পন্ন, বিনয়ী ও দায়িত্বশীল মানুষ। বাবার কাছ থেকেই স্বাধীনভাবে বাঁচার শিক্ষা পেয়েছেন তিনি। তাই এমন একজন সঙ্গী চেয়েছেন, যিনি তাঁর স্বাধীনতাকে সম্মান করবেন এবং সম্পর্কের দায়িত্ব নিতে জানবেন।

তবে অবিবাহিত থাকাকে সচেতনভাবে নেওয়া কোনো সিদ্ধান্ত বলে মনে করেন না সাবা। তাঁর ভাষায়, ‘আমি একা থাকতে পারি, কিন্তু নিঃসঙ্গ নই। নিজের মতো করে থাকতে আমার ভালো লাগে।’ শুধু বিয়ে করার জন্য সম্পর্কে জড়াতে চান না বলেও জানিয়েছেন তিনি।

১৯৭৬ সালের ১ মে নয়াদিল্লিতে জন্ম সাবা পতৌদির। অভিনয়ে না এলেও পেশায় তিনি একজন জুয়েলারি ডিজাইনার। পাশাপাশি ট্যারো কার্ড রিডার ও আধ্যাত্মিক পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। ভোপালের ঐতিহ্যবাহী রাজপরিবারের দাতব্য সম্পত্তি ও তহবিল পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘আউকাফ-ই-শাহি’র প্রধান ট্রাস্টি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।