দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ্যে এসেছে সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার। ১০ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে ট্রেলারটি প্রকাশ করেন অভিনেতা। এতে ভারত ও চীনা সেনাদের মধ্যে উত্তেজনাপূর্ণ সংঘাতের প্রেক্ষাপটে এক সেনাসদস্যের ভূমিকায় দেখা গেছে তাঁকে।

ট্রেলারে যুদ্ধের দৃশ্যের পাশাপাশি সেনাসদস্যদের পারিবারিক জীবন ও দায়িত্ব পালনের আবেগও তুলে ধরা হয়েছে। সালমানের চরিত্রকে সৈন্যদের উদ্দেশে বলতে শোনা যায়, সাহসিকতা মানে সব সময় লড়াই করা নয়, কখনো লড়াই থামানোও সাহসের পরিচয়। এমনকি একপর্যায়ে তিনি নির্দেশ দেন, তাঁদের পক্ষ থেকে যেন একটি গুলিও ছোড়া না হয়।

ট্রেলারের শেষাংশে শত্রুতা দূর করে শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে। চীনা এক সেনাসদস্যের মুখোমুখি হয়ে সালমানের সংলাপ, ‘চলো, এই ঝামেলাটা মিটিয়ে ফেলি ভাই। শান্তি হোক।’ সিনেমাটির গল্পে দেশপ্রেমের পাশাপাশি মানবতা ও যুদ্ধের পরিণতির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আগে সিনেমাটির নাম ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত-চীন সম্পর্কের প্রেক্ষাপটে চিত্রনাট্য পরিবর্তনের গুঞ্জন উঠলেও তা নাকচ করেছেন সালমান। ৬ নভেম্বর ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে তিনি বলেন, সরকারের নির্দেশে চিত্রনাট্য পরিবর্তন বা নতুন করে লেখার খবর ভিত্তিহীন। তাঁর মতে, সিনেমাটিতে দুই দেশের সেনাসদস্য ও তাঁদের পরিবারের পরিস্থিতি তুলে ধরা হয়েছে। কোনো পক্ষকেই নেতিবাচক হিসেবে দেখানো হয়নি।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমাটিতে সালমান খানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। প্রযোজনায় রয়েছেন সালমা খান এবং সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া।