‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রকে পর্দায় জীবন্ত করে তুলতে কঠোর প্রস্তুতি নিতে হয়েছে অভিনেতা যশকে। চরিত্রটির জন্য তৈরি পোশাকের ওজন কখনো ৩০ থেকে ৩৩ কেজি পর্যন্ত হয়েছে। এমনকি তাঁর মুকুটের ওজনও ছিল প্রায় ১.৮ কেজি।
সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া সাক্ষাৎকারে সিনেমাটির পোশাক পরিকল্পনাকারী ও ডিজাইনার সানিয়া সারধারিয়া এসব তথ্য জানান। তাঁর মতে, গয়না ও অলংকারসহ রাবণের বেশির ভাগ পোশাকের ওজন ছিল ১৬ থেকে ২০ কেজি। তবে লঙ্কা, রাবণের বিয়ে এবং শূর্পণখার বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি বিশেষ পোশাকগুলোর ওজন ছিল ৩০ থেকে ৩৩ কেজি।
সানিয়া জানান, পোশাকের পাশাপাশি রাবণের মুকুট তৈরি করাও ছিল বড় চ্যালেঞ্জ। ওজন কমাতে একাধিক থ্রিডি নমুনা তৈরি ও পরীক্ষা করা হলেও শেষ পর্যন্ত মুকুটটির ওজন ১.৮ কেজির নিচে নামানো সম্ভব হয়নি। এত ভারী মুকুট পরে অভিনয় করা যশের জন্য সহজ ছিল না।
ভারী পোশাকের কারণে যশের চলাফেরাও সীমিত হয়ে পড়েছিল। তবে শুটিংয়ের সময় বিষয়টি হাসিমুখে সামলাতেন অভিনেতা। পোশাকের ধারালো অংশ নিয়ে রসিকতা করে সহশিল্পী ও দলের সদস্যদেরও হাসাতেন তিনি।
নীতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের ‘রামায়ণ’-এ রামের চরিত্রে রণবীর কাপুর, সীতা হিসেবে সাই পল্লবী, রাবণ হিসেবে যশ এবং লক্ষ্মণের ভূমিকায় রয়েছেন রবি দুবে। নমিত মালহোত্রার প্রযোজনায় নির্মিত সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ আর রহমান ও হ্যান্স জিমার। প্রথম পর্ব ২০২৬ সালের দিওয়ালিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৮ সালে মুক্তির কথা রয়েছে।