তামিল চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ইতিহাস বদলে দিয়ে এবার হলিউডে পাড়ি জমাচ্ছে দক্ষিণ ভারতীয় তারকা বিজয় সেতুপতির সাড়াজাগানো ছবি ‘মহারাজা’। ২০২৪ সালে প্রেক্ষাগৃহে ঝড় তোলা নিথিলন স্বামীনাথন পরিচালিত এই থ্রিলারটির ইংরেজি সংস্করণের ঘোষণা এসেছে আনুষ্ঠানিকভাবে। নির্মাতাদের দাবি অনুযায়ী, এটিই হতে যাচ্ছে কোনো তামিল ছবির প্রথম হলিউড রিমেক।

প্রতিবেদনে জানানো হয়, সিনেমাটির আন্তর্জাতিক সংস্করণে মূল চরিত্রে অভিনয় করতে পারেন অস্কারজয়ী বিখ্যাত মার্কিন অভিনেতা ম্যাথিউ ম্যাকনাহে। ছবির প্রযোজক সুধন সুন্দরম জানান, প্রথম সারির একজন আন্তর্জাতিক তারকাকে প্রধান চরিত্রে রেখে ছবিটি তৈরির পরিকল্পনা রয়েছে। ‘মহারাজা’ মুক্তির পরই আমেরিকার একটি প্রযোজনা প্রতিষ্ঠান এর রিমেক স্বত্ব কেনার আগ্রহ দেখায়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরই শুরু হবে ছবিটির শুটিং।

উল্লেখ্য, ২০২৪ সালের জুনে প্রেক্ষাগৃহে আসা এই ছবিটির মূল গল্প আবর্তিত হয়েছিল একটি হারিয়ে যাওয়া আবর্জনার পাত্র বা ডাস্টবিনকে কেন্দ্র করে। তুচ্ছ এক চুরির অভিযোগ নিয়ে মহারাজা নামের সাধারণ এক ব্যক্তির থানায় হাজির হওয়া এবং পরবর্তীতে তদন্তের পরতে পরতে অন্ধকার অপরাধের রহস্য উন্মোচনের গল্প নিয়ে তৈরি হয়েছিল সিনেমাটির প্লট। এতে বিজয় সেতুপতির সঙ্গে অনবদ্য অভিনয় করেছিলেন অনুরাগ কাশ্যপ, সচনা নমিদাস, নাট্টি সুব্রহ্মণ্যম ও মমতা মোহনদাস।