তামিল সিনেমার ‘থালাইভা’ রজনীকান্তের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘জেলার’-এর সিক্যুয়েল ‘জেলার ২’ নিয়ে দর্শকদের মধ্যে প্রবল কৌতূহল ছিলই। এবার সেই উত্তেজনা আরও একধাপ বাড়িয়ে দিলেন বলিউড তারকা বিদ্যা বালান। ক্যারিয়ারে প্রথমবার রজনীকান্তের মুখোমুখি হয়ে পর্দায় বড় চমক দিতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটিতে বিদ্যা বালানের শক্তিশালী ফার্স্ট লুক টিজার প্রকাশ পাওয়ার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে।
প্রতিবেদনে জানানো হয়, 'জেলার ২'-তে ‘কান্তা’ নামের এক প্রভাবশালী চরিত্রে দেখা মিলবে বিদ্যা বালানের। প্রকাশিত টিজারে নীল শাড়ি, শর্ট হেয়ারকাট, পিঠে উল্কি ও ঠোঁটে জ্বলন্ত সিগারেট হাতে একটি দৃশ্যে ধরা দিয়েছেন তিনি। সিঁড়ি বেয়ে নামার পর বিড়িতে ফুঁক দিয়ে শক্ত ও দৃঢ় দৃষ্টিতে তাঁর বলা সংলাপ দর্শকদের মাঝে তুমুল আলোড়ন তৈরি করেছে। দীর্ঘদিন পর বিদ্যা বালানের এমন রুক্ষ ও প্রভাব বিস্তারকারী লুক দেখে সিনেমাটি নিয়ে দর্শকদের প্রত্যাশা বহুলাংশে বেড়ে গেছে।
নেলসন দিলীপকুমার পরিচালিত এই বড় বাজেটের সিক্যুয়েলে রজনীকান্ত ও বিদ্যা বালান ছাড়াও অন্যান্য চরিত্রে দেখা যাবে রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, মিঠুন চক্রবর্তী ও এস জে সুরিয়াকে। এছাড়া অতিথি চরিত্র বা বিশেষ ক্যামিওতে মোহনলাল, শিব রাজকুমার, হৃতিক রোশন ও বিজয় সেথুপতির মতো ভারতীয় সিনেমার শীর্ষ তারকাদের দেখা যেতে পারে বলে জানা গেছে।