বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালন এবং খ্যাতনামা পরিচালক আর বাল্কি। ২০০৯ সালে মুক্তি পাওয়া আইকনিক সিনেমা ‘পা’-এর দীর্ঘ ১৭ বছর পর আবারও একফ্রেমে হাজির হচ্ছেন এই জুুটি। তবে এবার আর হিন্দি সিনেমা নয়, সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি তামিল প্রজেক্টের মাধ্যমে পর্দায় ফিরছেন তারা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ক্রিপ্ট হাতে শুটিং পেছনের দৃশ্য শেয়ার করে আনুষ্ঠানিকভাবে এই নতুন প্রজেক্টের যাত্রা ঘোষণা করেছেন বিদ্যা নিজেই।
ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে ৪৭ বছর বয়সী এই অভিনেত্রীকে চশমা পরা ও পরিপাটি বেণী বাঁধা লুকে মনোযোগ দিয়ে চিত্রনাট্য পড়তে দেখা গেছে। ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘নতুন সূচনা, আর বাল্কির সঙ্গে নতুন তামিল ছবি’। সিনেমাটির নাম কিংবা মূল গল্প নিয়ে এখনও মুখ খোলেননি নির্মাতারা। ২০০৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ‘পা’ সিনেমায় অমিতাভ বচ্চনের মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন বিদ্যা। দীর্ঘ ১৭ বছর পর তাঁদের এই পুনর্মিলন নিয়ে চলচ্চিত্রপ্রেমীদের মাঝে দারুণ কৌতূহল তৈরি হয়েছে।
চলতি ২০২৬ সালের শেষভাগে বেশ কয়েকটি বড় বাজেটের ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিদ্যা বালন। মেগাস্টার রজনীকান্তের বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’ সিনেমায় ‘কান্থা’ চরিত্রে দেখা যাবে তাঁকে। এছাড়া পরিচালক আনিস বাজমির নাম ঠিক না হওয়া একটি কমেডি-ড্রামা ছবিতে অক্ষয় কুমার ও রাশি খান্নার সঙ্গে কাজ করছেন তিনি।