চিকিৎসকদের আপত্তি ও কেন্দ্রীয় চলচ্চিত্র সনদ বোর্ডের (সিবিএফসি) ছাড়পত্র না পাওয়ায় পিছিয়ে গেছে সানি দেওল অভিনীত সিনেমা ‘সূর্য: অন্ত সে আরম্ভ তাক’-এর মুক্তি। আগামী ২০ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে আসার কথা থাকলেও প্রয়োজনীয় সনদ পাওয়ার পর নতুন তারিখ ঘোষণা করবেন নির্মাতারা।
হিন্দুস্তান টাইমসকে মুক্তি পেছানোর বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতারা। তাঁদের দাবি, প্রচারণার কয়েক সেকেন্ডের দৃশ্য দেখে পুরো সিনেমার গল্প বা বক্তব্য সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। তাই গণমাধ্যমকর্মী ও চিকিৎসকদের পুরো সিনেমাটি দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
প্রযোজক কমল মুকুটের ভাষ্য, চিকিৎসা পেশাকে নেতিবাচকভাবে তুলে ধরা সিনেমাটির উদ্দেশ্য নয়। বরং কিছু ব্যক্তির দুর্নীতি, শোষণ ও সংঘবদ্ধ অনিয়মের বিষয়টি গল্পে তুলে ধরা হয়েছে। সৎ ও নিষ্ঠাবান চিকিৎসকদের অসম্মান করার কোনো ইচ্ছা তাঁদের নেই বলেও জানান তিনি।
এদিকে সিনেমাটির মুক্তি স্থগিতের দাবিতে করা আরেকটি জনস্বার্থ মামলা শুনতে অস্বীকৃতি জানিয়েছে দিল্লি হাইকোর্ট। আদালত জানায়, একই বিষয়ে করা একটি আবেদন এরই মধ্যে অন্য বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই নতুন করে আরেকটি মামলা গ্রহণের প্রয়োজন নেই। আবেদনকারীদের চলমান মামলার শুনানিতে যুক্ত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে চিকিৎসক ডা. নচিকেতা ভাটিয়া ও ডা. ধ্রুব চৌহান সিনেমাটির বিরুদ্ধে অভিযোগ করেন। তাঁদের দাবি, ছবিতে বেসরকারি হাসপাতালের চিকিৎসকদের দুর্নীতিগ্রস্ত হিসেবে দেখানো হয়েছে এবং চিকিৎসকদের ওপর সহিংসতাকে মহিমান্বিত করা হয়েছে। এ বিষয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সিবিএফসির হস্তক্ষেপও চেয়েছেন তাঁরা।
কমল মুকুটের প্রযোজনায় এম পদ্মকুমার পরিচালিত ‘সূর্য: অন্ত সে আরম্ভ তাক’ মালয়ালম সিনেমা ‘জোসেফ’-এর হিন্দি রিমেক। এতে সানি দেওলের পাশাপাশি অভিনয় করেছেন রবি কিষান ও প্রজ্ঞা জয়সওয়াল। সিনেমাটির সনদপ্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন মুক্তির তারিখ জানানো হবে।