চার বছর পর আবারও নেকড়েমানবের চরিত্রে বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা বরুণ ধাওয়ান। তাঁর অভিনীত হরর-কমেডি সিনেমা ‘ভেড়িয়া’র সিক্যুয়েল ‘ভেড়িয়া ২’ নির্মাণের বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক অমর কৌশিক। তবে সিনেমাটির চিত্রনাট্য লেখার কাজ এখনো শেষ হয়নি।
গত ২৫ নভেম্বর ‘ভেড়িয়া’ মুক্তির চার বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মজার ভিডিও প্রকাশ করেন অমর কৌশিক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিওতে দেখা যায়, একটি নেকড়ে ঘরের ভেতর আটকা পড়ে আছে। পরে সেটি নেকড়েমানবে রূপ নিয়ে পরিচালকের অফিসে তাণ্ডব চালায়। একপর্যায়ে একটি ল্যাপটপও ছুড়ে ফেলে প্রাণীটি।
ভিডিওটির মাধ্যমে মূলত ‘ভেড়িয়া’ সিনেমার চরিত্র ভাস্করের অধৈর্য অপেক্ষার বিষয়টি মজার ছলে তুলে ধরা হয়েছে। পরবর্তী সিনেমার চিত্রনাট্য লিখতে দেরি হওয়ায় ভাস্কর যে ক্ষুব্ধ, সেটিই ভিডিওতে দেখানো হয়। পোস্টের ক্যাপশনে পরিচালক লেখেন, চিত্রনাট্য লিখতে দেরি হওয়ায় ‘ভেড়িয়া’ খুব একটা খুশি নয়। তবে কী আর করা! শিগগিরই আসছে ‘ভেড়িয়া ২’।
যদিও নতুন সিনেমার গল্প, শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো বিস্তারিত কিছু জানাননি নির্মাতা। দ্বিতীয় কিস্তিতে বরুণ ধাওয়ান ছাড়া আর কারা অভিনয় করবেন, সে বিষয়েও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এর আগে চলতি মাসের শুরুতে বরুণ ধাওয়ান, কৃতি শ্যানন ও অমর কৌশিকের পুনর্মিলন হয়। তাঁরা একসঙ্গে ‘অবসেশন’ সিনেমার হিন্দি ডাব সংস্করণের প্রচারে অংশ নেন। তাঁদের একসঙ্গে দেখে ‘ভেড়িয়া ২’ নিয়ে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছিল। পরিচালকের সাম্প্রতিক ঘোষণায় সেই জল্পনাই বাস্তব রূপ পেল।
২০২২ সালের ২৫ নভেম্বর মুক্তি পেয়েছিল ‘ভেড়িয়া’। এতে ভাস্কর নামের এক সড়ক নির্মাণ ঠিকাদারের চরিত্রে অভিনয় করেন বরুণ। অরুণাচল প্রদেশের জঙ্গলে একটি নেকড়ের কামড় খাওয়ার পর তাঁর জীবনে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে। ধীরে ধীরে তিনি নেকড়েমানবে রূপ নিতে থাকেন।
সিনেমাটিতে বরুণের বিপরীতে চিকিৎসক অনিকার চরিত্রে অভিনয় করেন কৃতি শ্যানন। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অভিষেক ব্যানার্জি, দীপক ডোব্রিয়াল ও পালিন কাবাক। দিনেশ ভিজানের প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাডক ফিল্মসের সিনেমাটি তাদের হরর-কমেডি ইউনিভার্সের অংশ।