ইনস্টাগ্রামে প্রকাশিত একটি রিলকে কেন্দ্র করে আইনি পদক্ষেপ নিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। শিল্পপতি আনন্ত আম্বানির সঙ্গে তাঁর কথোপকথন নিয়ে মন্তব্য করা ওই ভিডিওকে মানহানিকর ও বিভ্রান্তিকর বলে দাবি করেছেন অভিনেতা। এ ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর সুবিগ্য শর্মাকে আইনি নোটিশ পাঠিয়েছেন তিনি।
এক্সচেঞ্জ৪মিডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ নভেম্বর পাঠানো নোটিশটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘@ram.bhakt.suvi’-এর মালিক সুবিগ্য শর্মার উদ্দেশে দেওয়া হয়েছে। ওই অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে আনন্ত আম্বানির সঙ্গে শাহরুখের কথোপকথনের দৃশ্য বিশ্লেষণ করে দাবি করা হয়, অভিনেতাকে চুপ থাকতে বলা হয়েছিল।
তবে শাহরুখের আইনজীবীর দাবি, ভিডিওতে করা এই মন্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। এমন ভিত্তিহীন ও যাচাইহীন বক্তব্য অভিনেতার সুনাম, ব্যক্তিগত ভাবমূর্তি এবং মর্যাদার ক্ষতি করতে পারে বলে আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে ভারতের ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস), ২০২৩-এর ৩৫৬ ধারার উল্লেখ করা হয়েছে। এই ধারায় মানহানির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা ও ক্ষতিকর বক্তব্য প্রকাশ বা প্রচার করার অধিকার কারও নেই।
আইনি নোটিশে সুবিগ্য শর্মার কাছে পাঁচটি দাবি জানানো হয়েছে। প্রথমত, বিতর্কিত রিলটি অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। দ্বিতীয়ত, অভিযোগটিকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে পুনরায় প্রকাশ বা প্রচার করা যাবে না। তৃতীয়ত, একই অভিযোগের পুনরাবৃত্তি করা হয়েছে এমন ক্যাপশন ও সংশ্লিষ্ট বক্তব্য সংশোধন করতে হবে।
এ ছাড়া মূল ভিডিও, তথ্যসূত্র, প্রকাশের রেকর্ড এবং সংশ্লিষ্ট যোগাযোগের নথি সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
এসব নির্দেশনা মানা না হলে ভারতীয় আইন অনুযায়ী দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার অধিকার সংরক্ষণ করেছেন শাহরুখ। প্রয়োজনে মানহানির অভিযোগে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।