‘আওয়ারাপন ২’-এর সাফল্যের পর এবার নতুন অ্যাকশন ছবি ‘গানমাস্টার জি৯’ (Gunmaaster G9) দিয়ে বক্স অফিসে আরও একটি শক্তিশালী শুরুর পথে রয়েছেন ইমরান হাশমি। আদিত্য দত্ত পরিচালিত এই অ্যাকশন ছবিটি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে; অগ্রিম টিকিট বিক্রি ও বক্স অফিস বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী, গত ১৪ বছরে ইমরান হাশমির দ্বিতীয় সেরা ওপেনিং পেতে যাচ্ছে ছবিটি।

মুক্তির মাত্র দুই দিন আগে ‘গানমাস্টার জি৯’-এর অগ্রিম টিকিট বুকিং শুরু হয় এবং প্রথম ২৪ ঘণ্টাতেই ছয় দিনের জন্য প্রায় ৩ কোটি রুপির টিকিট বিক্রি হয়েছে। প্রথম দিনের গ্রস আয় দাঁড়িয়েছে ৮০ লাখ রুপি এবং ৩২ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। একই সপ্তাহে মুক্তি পাওয়া সুরজ বরজাতিয়ার ‘ইয়ে প্রেম মল লিয়া’ অগ্রিম বুকিংয়ে ৮৪ লাখ রুপি গ্রস আয় করলেও টিকিট বিক্রি হয়েছে তুলনামূলক কম, ২৯ হাজারের মতো ফলে বক্স অফিসে দুই ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

বিশেষ করে ছোট শহর ও হিন্দি বলয়ে তরুণ দর্শকদের মাঝে সাম্প্রতিক বছরগুলোতে ইমরান হাশমির জনপ্রিয়তা বাড়ায় প্রথম দিনের আয় নিয়ে বেশ আশাবাদী বাণিজ্য বিশ্লেষকেরা। উদার অনুমান অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ছবিটি প্রায় ৮ কোটি রুপি নেট আয় করতে পারে, আর রক্ষণশীল হিসাবেও ৬ কোটি রুপির বেশি আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। ৮ কোটি রুপি ছুঁতে পারলে ২০১২ সালের ‘রাজ ৩’-এর (প্রথম দিনে ১০ কোটি রুপির বেশি আয়) পর এটিই হবে ইমরান হাশমির দ্বিতীয় সেরা ওপেনিং। মাঝের সময়ে কেবল তিন মাস আগে মুক্তি পাওয়া ‘আওয়ারাপন ২’ সেই মাইলফলক ছাড়িয়ে গিয়েছিল যা প্রথম দিনে ২১ কোটি রুপি আয় করে বিশ্বজুড়ে মোট ২১৩ কোটি রুপি ব্যবসা করেছিল।

প্রায় দুই দশক আগে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশিক বানায়া আপনে’ ছবির পর এই ছবির মাধ্যমে আবারও একসঙ্গে কাজ করেছেন ইমরান হাশমি, পরিচালক আদিত্য দত্ত ও সংগীত পরিচালক হিমেশ রেশামিয়া। ছবিতে জেনেলিয়া ডি’সুজা ও অপরশক্তি খুরানাও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন; পাশাপাশি হিমেশের গাওয়া ও সুর করা, আসিস কৌরের কণ্ঠে ‘আফসানা বানায়া আপনে’ গানটিও ইতোমধ্যে আলোচনায় এসেছে। দীপক মুকুট, হুনার মুকুট ও সংগীতা আহির প্রযোজিত এই অ্যাকশন ছবিটি ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।