সম্প্রতি দক্ষিণী মেগাস্টার থালাপতি বিজয় এবং তার স্ত্রী সংগীতা স্বর্ণলিঙ্গমের বিবাহবিচ্ছেদের খবরের মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণানকে নিয়ে নতুন করে গুঞ্জন শুরু হয়। বিজয়ের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে তৃষার উপস্থিতি এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুখরোচক আলোচনা ছড়িয়ে পড়ে। এমনকি কিছু সংবাদমাধ্যম দাবি করে, তৃষা নাকি অভিনয় জগতকে বিদায় জানাচ্ছেন এবং নতুন কোনো কাজ হাতে নিচ্ছেন না।
এসব খবর নজরে আসতেই আর চুপ থাকেননি এই অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কড়া এবং বিদ্রুপাত্মক ভঙ্গিতে জবাব দিয়েছেন তিনি। তৃষা লেখেন, ‘শুনলাম আমি নাকি সিনেমা ছেড়ে দিয়েছি, এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছি এবং আমার চারটি যমজ সন্তান আছে, যাদের বয়স কাল দুই বছর পূর্ণ হয়েছে! আরো কিছু যোগ করার আছে কি, নাকি আজকের মতো গালগল্পের কোটা পূরণ হয়েছে?’ এই বার্তার মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন, তাকে নিয়ে ছড়ানো সব খবরই উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যা।
অন্যদিকে, বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যখন উত্তাল সোশ্যাল মিডিয়া, তখন বিজয় নিজেও একটি রাজনৈতিক সমাবেশে পরোক্ষভাবে এসব অভিযোগ অস্বীকার করেন। তৃষা ও বিজয় জুটি তামিল সিনেমায় দীর্ঘদিনের জনপ্রিয় মুখ। ‘গিল্লি’, ‘তিরুপাচ্চি’ থেকে শুরু করে সাম্প্রতিক ব্লকবাস্টার ‘লিও’ প্রতিটি সিনেমাতেই তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে। তবে ব্যক্তিগত জীবনে এই জুটির সম্পর্ক নিয়ে জলঘোলা হওয়ায় এবার সরাসরি প্রতিবাদ জানালেন তৃষা। বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘কারুপ্পু’র মুক্তি নিয়ে ব্যস্ত, যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন সুরিয়া।