অভিনয়জীবনের ৫০ বছর পূর্ণ করেছেন বর্ষীয়ান অভিনেতা আজিজুল হাকিম। দীর্ঘ এই পথচলায় নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি। এবার পাঁচ দশকের অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা পাচ্ছেন এই অভিনেতা।
গণমাধ্যমকর্মীদের সংগঠন কালচারাল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (সিজেএফবি) তাঁকে এই সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিজেএফবির ২৫তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
এ স্বীকৃতির খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আজিজুল হাকিম। তাঁর মতে, সিজেএফবির ২৫ বছর পূর্তি এবং তাঁর অভিনয়জীবনের ৫০ বছর পূর্তি একই সময়ে উদ্যাপিত হওয়া বিশেষ আনন্দের।
১৯৭৭ সালে আরণ্যক নাট্যদলে যোগ দেওয়ার মধ্য দিয়ে অভিনয়জগতে যাত্রা শুরু করেন আজিজুল হাকিম। পাঁচ দশকের ক্যারিয়ারে তিনি কাজ করেছেন হুমায়ূন আহমেদ, আবদুল্লাহ আল মামুন, হানিফ সংকেত, মামুনুর রশীদ, আতিকুল হক চৌধুরী, তৌকীর আহমেদ, চয়নিকা চৌধুরীসহ দেশের বহু গুণী নির্মাতার সঙ্গে।