মুক্তির আগে থেকেই দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক আগ্রহ। তবে প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি নিয়ে শুরু হয়েছে ভিন্ন আলোচনা। একদিকে বক্স অফিসে দারুণ সূচনা, অন্যদিকে দর্শকদের একাংশের অসন্তোষ ও সমালোচনা ঘিরে আলোচনায় রয়েছে ছবিটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, সিনেমা প্রদর্শনের সময় একটি প্রেক্ষাগৃহে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দর্শকদের একটি অংশ ছবিটির প্রতি অসন্তোষ প্রকাশ করে টিকিটের টাকা ফেরতের দাবি জানিয়ে স্লোগান দেন।
এক্সে ভাইরাল হওয়া ওই ভিডিওতে বিক্ষুব্ধ দর্শকদের হলের ভেতরে টাকা ফেরতের দাবি করতে দেখা যায়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ‘টক্সিক’ নিয়ে শুরু হয় নানা ধরনের আলোচনা। এক নেটিজেন ভিডিওটি শেয়ার করে কটাক্ষ করে লিখেছেন, যশ এমন এক রেকর্ড গড়েছেন, যেখানে দর্শকরা সিনেমা হলের ভেতরেই টিকিটের টাকা ফেরত চাইছেন।
অন্যদিকে, কেউ কেউ সিনেমাটিকে ‘এই দশকের সবচেয়ে বড় ফ্লপ’ বলেও মন্তব্য করেছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব মন্তব্যকে ব্যক্তিগত প্রতিক্রিয়া ও মতামত হিসেবেই দেখা হচ্ছে।
তবে দর্শকদের একাংশের নেতিবাচক প্রতিক্রিয়ার বিপরীতে বক্স অফিসে বেশ শক্তিশালী সূচনা করেছে ‘টক্সিক’। মুক্তির প্রথম দিনে ভারতীয় বাজারে সিনেমাটির নেট আয় হয়েছে ১০১ কোটি রুপি। গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটি রুপি।
এর মধ্যে হিন্দি সংস্করণ থেকেই এসেছে প্রায় ৫৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে আয় ২৫ কোটি রুপির কম হলেও তেলেগু সংস্করণ থেকে এসেছে প্রায় ১১ কোটি রুপি।
দর্শকদের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেও চলতি বছর ভারতীয় বক্স অফিসে দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড করেছে যশ অভিনীত সিনেমাটি।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া।