যশ অভিনীত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির শুরুতে প্রত্যাশার চেয়েও বড় উদ্বোধন করলেও পঞ্চম দিন পর্যন্ত প্রতিদিনই সিনেমাটির আয় কমেছে। মিশ্র প্রতিক্রিয়ার মধ্যেই বক্স অফিসে এগিয়ে চলা সিনেমাটি পাঁচ দিনে বিশ্বব্যাপী ২৮৫.২০ কোটি রুপি আয় করেছে। ফলে ৩০০ কোটি রুপির মাইলফলক থেকে এখন ১৫ কোটি রুপিরও কম দূরে রয়েছে ‘টক্সিক’।

ট্রেড ট্র্যাকারদের তথ্য অনুযায়ী, পঞ্চম দিনে বিদেশের বাজার থেকে সিনেমাটি আয় করেছে ২ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ২৯.২৫ কোটি রুপি। অন্যদিকে, ভারতে পঞ্চম দিনে ১৬ হাজার ২৪১টি শো থেকে সিনেমাটির নিট আয় হয়েছে ২৩ কোটি রুপি। এদিন ছবিটির সামগ্রিক হল দখলের হার ছিল ২৫.৩ শতাংশ। পাঁচ দিনে ভারতে সিনেমাটির নিট আয় দাঁড়িয়েছে ২১৪.১০ কোটি রুপি।

তবে প্রথম রোববারের আয় শনিবারের তুলনায় কমেছে। শনিবার সিনেমাটি ২৫.১৫ কোটি রুপি আয় করলেও রোববার আয় করেছে ২৩ কোটি রুপি, অর্থাৎ প্রায় ৮.৫ শতাংশ কম। যদিও রোববার হল দখলের হার ২৫.৩ শতাংশ, যা শনিবারের ২৪.৩ শতাংশের চেয়ে কিছুটা বেশি। মুক্তির প্রথম দিনে যেখানে সিনেমাটির ২৪ হাজার ৫৭৯টি শো ছিল, পঞ্চম দিনে সেই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে ১৬ হাজার ২৪১টিতে নেমেছে।

পাঁচ দিনে ২৮৫.২০ কোটি রুপি আয় করে ‘টক্সিক’ ইতোমধ্যে ২০২৬ সালের অন্যতম সফল সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছে। তবে বছরের সবচেয়ে বড় বক্স অফিস সাফল্যগুলোর তালিকায় আরও ওপরে উঠতে হলে যশের সিনেমাটিকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে।

রাম চরণ অভিনীত ‘পেড্ডি’ মুক্তির প্রথম পাঁচ দিনেই বিশ্বব্যাপী ৩১৫ কোটি রুপি আয় করেছিল। অন্যদিকে সূরিয়া ও তৃষা কৃষ্ণান অভিনীত আরজে বালাজির ‘কারুপ্পু’ প্রায় ৩০৪ কোটি রুপি আয় করে ২০২৬ সালের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী তামিল সিনেমার জায়গা দখল করেছে। সেই হিসেবে ‘টক্সিক’ এখন ‘কারুপ্পু’-কে ছাড়িয়ে যাওয়ার খুব কাছাকাছি রয়েছে।

তবে সবচেয়ে বড় বক্স অফিস সাফল্যগুলোর তুলনায় এখনও পিছিয়ে রয়েছে সিনেমাটি। সানি দেওলের ‘বর্ডার ২’ বিশ্বব্যাপী ৪৫০ কোটি রুপির বেশি আয় করেছে। আর রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ ইতোমধ্যে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৮১৩ কোটি রুপি আয় করেছে।

এদিকে, ‘টক্সিক’-এর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মুখে মুখে প্রচারের দুর্বলতা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ১০১.১০ কোটি রুপি আয় করেছিল। এরপর থেকে প্রতিদিনই সংগ্রহ কমেছে। পাশাপাশি সিনেমাটির সহিংস দৃশ্য এবং নারী চরিত্রগুলোর উপস্থাপন নিয়েও দর্শকদের একাংশ সমালোচনা করেছেন। মিশ্র প্রতিক্রিয়ার এই প্রভাব দ্বিতীয় সপ্তাহে বক্স অফিসে কতটা পড়ে, সেটিই এখন দেখার বিষয়।

গীতু মোহানদাস পরিচালিত ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এ যশের সঙ্গে অভিনয় করেছেন নয়নতারার ও কিয়ারা আদভানি। আরও রয়েছেন হুমা কুরেশি, রুক্মিণী বসন্ত ও তারা সুতারিয়া। ২৬ আগস্ট কন্নড়, হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও ইংরেজি ভাষায় মুক্তি পাওয়া সিনেমাটি এখন ৩০০ কোটি রুপির মাইলফলক স্পর্শের লক্ষ্যে এগোচ্ছে।