নতুন সিনেমা ‘প্রলয়’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা রণবীর সিং। এরই মধ্যে সিনেমাটির সেট থেকে শুটিংয়ের কয়েকটি দৃশ্য ফাঁস হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রকাশ্যে এসেছে অভিনেতার নতুন লুকও। জম্বি থ্রিলারটিতে কালো পোশাক, লম্বা চুল ও মুখভর্তি দাড়িতে দেখা গেছে তাঁকে।
গত আগস্টে শুরু হয় ‘প্রলয়’-এর শুটিং। এর কিছুদিন পরই সেট থেকে রণবীরের লুকসহ কয়েকটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া ছবিতে সহ-অভিনেত্রী কল্যাণী প্রিয়দর্শনকেও দেখা গেছে। রণবীরের এমন ভিন্নধর্মী অবতার প্রকাশ্যে আসতেই সিনেমাটি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা।
এর আগে ‘ধুরন্ধর’ সিনেমায়ও দুর্ধর্ষ ও রাফ অ্যান্ড টাফ লুকে দেখা গিয়েছিল রণবীরকে। এবার ‘প্রলয়’-এও তাঁর চেহারায় এসেছে বড় ধরনের পরিবর্তন। নতুন এই লুক নিয়ে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
তবে শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ার পর সিনেমাটির সেটে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ের বোরিভলিতে কড়া নিরাপত্তার মধ্যে চলবে ‘প্রলয়’-এর শুটিং। সেখানে সাধারণ মানুষের প্রবেশও নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে রণবীরের নতুন লুক ও সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য যাতে আগেভাগে প্রকাশ্যে না আসে, সে বিষয়ে সতর্ক রয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য, ‘ধুরন্ধর’ ফ্র্যাঞ্চাইজির পর রণবীর সিংয়ের পরবর্তী বড় প্রকল্প হিসেবে আসছে ‘প্রলয়’। শুটিংয়ের দৃশ্য ফাঁস হওয়ায় নির্মাতারা সতর্ক হলেও সিনেমাটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।