মুক্তির ২৬ বছর পর জনপ্রিয় বলিউড রোমান্টিক সিনেমা ‘ধাড়কান’-এর দ্বিতীয় কিস্তি নির্মাণের গুঞ্জন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম মিড-ডে-র বরাতে জানা গেছে, ‘ধাড়কান ২’ নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হলেও নতুন এই ছবি আগের গল্পের সরাসরি সিকুয়েল হবে না; বরং প্রেম, সম্পর্ক ও বিচ্ছেদের মতো বিষয়গুলো নতুন আঙ্গিকে তুলে ধরা হবে।

গল্পে ভিন্নতা থাকায় আগের ছবির তারকারা ফিরবেন কি না, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। ২০০০ সালে মুক্তি পাওয়া মূল ‘ধাড়কান’-এ অঞ্জলি, দেব ও রাম চরিত্রে শিল্পা শেঠি, অক্ষয় কুমার ও সুনীল শেঠির রসায়ন দর্শকদের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ‘ধাড়কান ২’-এ কেবল সুনীল শেঠির একটি ক্যামিও উপস্থিতির সম্ভাবনা রয়েছে, যদিও তাঁর চরিত্রের ধরন বা পর্দায় থাকার সময় এখনো চূড়ান্ত হয়নি।

পরিচালক, শিল্পী তালিকা ও শুটিংয়ের সময়সূচি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি; তবে গুঞ্জন রয়েছে, অক্ষয় কুমারকে নিয়ে আগে একাধিক সিনেমা বানানো শ্রী নারায়ণ সিং এই ছবির পরিচালনার দায়িত্ব পেতে পারেন এবং বলিউডের নতুন মুখের পাশাপাশি এক পরিচালকের ছেলের অভিষেকও ঘটতে পারে। ধর্মেশ দর্শন পরিচালিত ২০০০ সালের ‘ধাড়কান’-এ অক্ষয়, শিল্পা ও সুনীল ছাড়াও শর্মিলা ঠাকুর, পারমিত শেঠি, কিরণ কুমার, সুষমা শেঠ ও মনজিত কুল্লার অভিনয় করেছিলেন। নাদিম-শ্রাবণের সুর ও সমীরের গানে সাজানো ‘দিল নে ইয়ে কহা হ্যায় দিল সে’, ‘তুম দিল কি ধাড়কান মে’, ‘দুলহে কা সেহরা’ ও ‘না না করতে প্যায়ার’-এর মতো গানগুলো সে সময় ব্যাপক জনপ্রিয়তা পায়; বক্স অফিস ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, সে বছর প্রায় ৪৫ লাখ কপি গান বিক্রি হওয়ার পাশাপাশি বিশ্বব্যাপী ২৬ কোটি রুপি আয় করে ছবিটি।