বলিউড অভিনেতা শহীদ কাপুরের সঙ্গে ‘দেবা’ সিনেমায় একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন আদিতি সন্ধ্যা শর্মা। সেই দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে শহীদের সহযোগিতাপূর্ণ আচরণের প্রশংসা করেছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে শহীদ কাপুরের সঙ্গে কাজের অভিজ্ঞতা এবং অন্তরঙ্গ দৃশ্যের শুটিং নিয়ে কথা বলেন আদিতি। তিনি জানান, শহীদের সঙ্গে তাঁর প্রথম শুটিং হওয়া দৃশ্যটিই ছিল চুম্বন ও ঘনিষ্ঠতার। এ ধরনের দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতাও তাঁর আগে কখনো হয়নি। তাই স্বাভাবিকভাবেই কিছুটা নার্ভাস ছিলেন তিনি।

আদিতি বলেন, সেটে যাওয়ার পর শহীদ খুব স্বাভাবিকভাবে তাঁর সঙ্গে কথা বলেন। অভিনেতা তাঁকে আশ্বস্ত করে জানান, কোনো সময় অস্বস্তি বোধ করলে যেন তাঁকে জানানো হয়। প্রয়োজনে শুটিং বন্ধ করে দেওয়া হবে বলেও আশ্বাস দেন শহীদ।

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দৃশ্যটির শুটিংয়ের সময় সেটে শুধু পরিচালক, চিত্রগ্রাহক, ইন্টিমেসি কো-অর্ডিনেটর, শহীদ ও তিনি উপস্থিত ছিলেন। পুরো পরিবেশ ছিল স্বস্তিদায়ক। ফলে তাঁর কোনো অস্বস্তি হয়নি। এমন অভিজ্ঞতা তাঁর কাছে ছিল বেশ অবাক করার মতো।

আদিতির মতে, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ক্ষেত্রে সহশিল্পীর এমন সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ। অন্য মানুষটিকে স্বস্তি দেওয়াও জরুরি। প্রথম দৃশ্যেই জড়তা কেটে যাওয়ায় পরবর্তী দৃশ্যগুলোর শুটিংও তাঁদের জন্য সহজ হয়ে উঠেছিল।

‘ফাইটার’ ও ‘দেবা’ সিনেমায় অভিনয়ের সুবাদে ‘গজব রাত’-এর শুটিং সেটেও পরিচিতি পেয়েছিলেন আদিতি। এ প্রসঙ্গে তিনি জানান, এখন ওটিটিতেও অনেক কাজ হচ্ছে। কোন কাজ একজন শিল্পীকে কোথায় পৌঁছে দেবে, তা আগে থেকে বলা কঠিন।

আদিতি আরও বলেন, ‘গজব রাত’-এর শুটিংয়ের সময় অনেকেই ‘ফাইটার’ ও ‘দেবা’ দেখেছিলেন। সেটে তাঁরা সিনেমা দুটিতে তাঁর অভিনয়ের কথা উল্লেখ করেছেন। তাঁর মতে, কোনো কাজই বৃথা যায় না। ওই চরিত্রগুলোতে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি আনন্দিত।

উল্লেখ্য, ২০২৫ সালে মুক্তি পাওয়া শহীদ কাপুর অভিনীত ‘দেবা’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আদিতি সন্ধ্যা শর্মা।