দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সাই পল্লবীর নতুন লুক প্রকাশ্যে এসেছে পরিচালক মণি রত্নমের আসন্ন সিনেমা ‘ইঞ্জি ভেল্লাম’-এর প্রথম গানে। ছোট চুলে অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে দেখা গেছে তাঁকে। গানে তাঁর প্রাণবন্ত নাচও নজর কেড়েছে দর্শকদের।
বিজয় সেতুপতি ও সাই পল্লবী অভিনীত সিনেমাটির প্রথম গান ‘আচ্চি আচ্চি’ সম্প্রতি প্রকাশ করা হয়েছে। মাতৃত্বের উদ্যাপনকে কেন্দ্র করে তৈরি গানটিতে সাই পল্লবীর চরিত্রের কিছুটা আভাস পাওয়া গেছে। তবে তাঁর চরিত্র কিংবা সিনেমার গল্প নিয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি নির্মাতা পক্ষ।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ আর রহমান। ইলঙ্গো কৃষ্ণনের লেখা গানটি গেয়েছেন বৈশালী সামন্ত ও শরণ্যা শ্রীনিবাস। তামিল ও মালয়ালম ভাষার মিশ্রণে তৈরি গানটি প্রকাশের পর থেকেই সাই পল্লবীর নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। চরিত্রের সঙ্গে তাঁর উপস্থিতি ও নাচের প্রশংসা করছেন অনেক দর্শক। পাশাপাশি মণি রত্নম ও এ আর রহমানের দীর্ঘদিনের জুটির নতুন কাজ নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
‘ইঞ্জি ভেল্লাম’ সিনেমার মাধ্যমে প্রথমবার একসঙ্গে পর্দায় আসছেন বিজয় সেতুপতি ও সাই পল্লবী। সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে কলকাতায়। তবে গল্প ও চরিত্রের বিস্তারিত এখনো গোপন রেখেছেন নির্মাতারা।
সিনেমাটির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন অবিক মুখোপাধ্যায় এবং সম্পাদনা করছেন শ্রীকর প্রসাদ। মাদ্রাজ টকিজ ও লাইকা প্রোডাকশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন সুবাস্করণ, মণি রত্নম ও শিবা অনন্ত।
আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ইঞ্জি ভেল্লাম’-এর। প্রথম গান প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটির সংগীতের পাশাপাশি সাই পল্লবীর নতুন লুকের ঝলকও পেলেন দর্শকরা।