বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোতে নায়িকাদের জনপ্রিয়তা, অভিনয়দক্ষতা ও বক্স অফিস প্রভাবের পাশাপাশি তাঁদের পারিশ্রমিকের অঙ্কও এখন বেশ আলোচনায়। ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি)-তে প্রকাশিত সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় অভিনেত্রীদের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, কঙ্গনা রনৌত, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।

আইএমডিবির হিসাব অনুযায়ী, তালিকার শীর্ষে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, যাঁর সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৮ থেকে ৩০ কোটি টাকা। ২০০০ সালে মিস ওয়ার্ল্ড হওয়ার পর ২০০৩ সালে ‘দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’ দিয়ে বলিউডে অভিষেক ঘটে তাঁর; ‘ফ্যাশন’, ‘বরফি!’ ও ‘মেরি কম’-এর মতো কাজের পাশাপাশি হলিউডে ‘কোয়ান্টিকো’ ও ‘দ্য হোয়াইট টাইগার’-এর মতো প্রজেক্টেও পরিচিতি পেয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা দীপিকা পাড়ুকোনের সিনেমাপ্রতি পারিশ্রমিক ধরা হয়েছে ১৫ থেকে ৩০ কোটি টাকা। ‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু করে ‘পদ্মাবত’, ‘পিকু’ ও ‘কল্কি ২৮৯৮ এডি’র মতো সিনেমায় কাজ করার পাশাপাশি হলিউডেও দেখা গেছে তাঁকে।

তৃতীয় স্থানে থাকা কঙ্গনা রনৌতের সিনেমাপ্রতি পারিশ্রমিক ১৫ থেকে ২৭ কোটি টাকা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালনায় যুক্ত এই তারকা ‘কুইন’ ও ‘ফ্যাশন’-এর মতো কাজের জন্য প্রশংসিত এবং ২০২৪ সালে ‘ইমার্জেন্সি’ পরিচালনা করে আলোচনায় আসেন। চতুর্থ স্থানে থাকা ক্যাটরিনা কাইফের পারিশ্রমিক সিনেমাপ্রতি ১৫ থেকে ২৫ কোটি টাকা; ‘নমস্তে লন্ডন’, ‘রাজনীতি’, ‘এক থা টাইগার’ ও ‘টাইগার ৩’-এর মতো সিনেমায় নাচ ও অ্যাকশনে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। আর পঞ্চম স্থানে থাকা আলিয়া ভাটের সিনেমাপ্রতি পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটি টাকা ‘হাইওয়ে’, ‘গলি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ও ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র পাশাপাশি নেটফ্লিক্সের ‘হার্ট অব স্টোন’ দিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও নিজের উপস্থিতি জানান দিয়েছেন তিনি।