অ্যাকশন, নাটকীয়তা ও তারকাদের সমাগম, সবকিছুই থাকছে শাহরুখ খানের আগামী সিনেমা ‘কিং’-এ। তবে এটি বাণিজ্যিক ঘরানার সিনেমা হওয়ায় গল্পের সবকিছুতে যুক্তি খুঁজতে গেলে দর্শকদের কিছুটা ছাড় দিতে হবে বলে মনে করেন বলিউড বাদশাহ। সম্প্রতি এক অনুষ্ঠানে সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন অভিনেতা। একই সঙ্গে ‘কিং’ সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনের দুটি কারণও জানিয়েছেন তিনি।

সিনেমাটির মুক্তি সামনে রেখে প্রচারণায় ব্যস্ত শাহরুখ। সম্প্রতি মেটার আয়োজনে ‘হাউস অব ইনস্টাগ্রাম’ অনুষ্ঠানে প্রকাশ করেন ‘কিং’-এর দ্বিতীয় গান ‘ড্যাডি কুল (কিং ভার্সন)’। সেখানে করণ জোহর ও কয়েকজন কনটেন্ট ক্রিয়েটরের সঙ্গে আড্ডায় সিনেমাটি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেতা।

দর্শকেরা ‘কিং’ থেকে কী প্রত্যাশা করতে পারেন, এমন প্রশ্নের জবাবে শাহরুখ বলেন, পরিবারের সবাই মিলে সিনেমাটি দেখতে পারবেন। এতে রয়েছে প্রচুর অ্যাকশন ও নাটকীয়তা, যার বেশির ভাগই এখনো দর্শকদের দেখানো হয়নি। সিনেমায় অনেক তারকা অভিনয় করেছেন বলেও জানান তিনি। তবে তাঁদের নাম এখনই প্রকাশ করতে চাননি অভিনেতা।

সিনেমাটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতা তুলে ধরে শাহরুখ বলেন, সিদ্ধার্থ তাঁর সঙ্গে দারুণ কিছু সিনেমা নির্মাণ করেছেন। ‘কিং’ নিয়েও আশাবাদী তিনি। অভিনেতার মতে, এটি এমন একটি সিনেমা, যা দেখে দর্শকেরা আনন্দ পাবেন। তবে বাণিজ্যিক সিনেমা হওয়ায় গল্পের কিছু জায়গায় যুক্তির ঘাটতি থাকলেও সেটিকে বড় করে দেখার প্রয়োজন নেই।

কেন ‘কিং’ বেছে নিলেন শাহরুখ?

সিনেমাটিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি কারণ জানিয়েছেন শাহরুখ। প্রথম কারণটি তাঁর অভিনয়জীবনের শুরুর সময়ের সঙ্গে জড়িত। অভিনেতা জানান, ক্যারিয়ারের শুরুতে নিজেকে খুব একটা সুদর্শন মনে করতেন না। সে সময় নায়ক হওয়ার প্রস্তাব পাওয়াকে ব্যক্তিগতভাবে বড় প্রাপ্তি হিসেবে দেখেছিলেন তিনি। নিজের মতো সাধারণ চেহারার একজন মানুষও যে নায়ক হতে পারেন, বিষয়টি তাঁকে অনুপ্রাণিত করেছিল।

শাহরুখের ভাষায়, ‘ইন্ডাস্ট্রিতে আসার সময় আমি ভাবতাম, আমি দেখতে ভালো নই। তখন নায়ক হওয়ার প্রস্তাব পেয়ে বিষয়টি আমি খুব ব্যক্তিগতভাবে নিয়েছিলাম। আমার মতো সাদামাটা চেহারার কেউ নায়ক হতে পারে! তাই এটাকে আমি খুব যত্ন করে আগলে রাখি। আমি সব সময় নায়কের মতো করেই নায়কের চরিত্রে অভিনয় করতে চাই।’

দ্বিতীয় কারণ হিসেবে সহ-অভিনেত্রীদের সঙ্গে বয়সের ব্যবধানের কথা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে একটি সিনেমার শুটিংয়ের মজার অভিজ্ঞতাও শোনান অভিনেতা। সিনেমাটির নাম কিংবা নায়িকার পরিচয় প্রকাশ না করে শাহরুখ জানান, একটি দৃশ্যে নায়িকার কাছে নিজের ভালোবাসার কথা প্রকাশ করছিলেন তিনি। তখন হঠাৎ তাঁর মনে প্রশ্ন জাগে, ‘কাল সকালের গণিতের বাড়ির কাজ শেষ করেছ তো, মা?’

ঘটনাটি বলতে গিয়ে হেসে ওঠেন শাহরুখ। তাঁর মতে, যেসব অভিনেত্রীর সঙ্গে তিনি অভিনয় করছিলেন, তাঁদের সঙ্গে বয়সের ব্যবধান এতটাই বেড়ে গিয়েছিল যে নিজের বয়সের সঙ্গে মানানসই চরিত্রে অভিনয়ের প্রয়োজন অনুভব করেন তিনি।

শাহরুখ বলেন, ‘আমার বয়স এখন ৬১। আর ৬১ বছর বয়সী একজন মানুষ যতটা কুল হতে পারে, ততটাই কুল হতে চাই। আজ আমি যদি বসি, উঠে দাঁড়াই, কোনো সংলাপ বলি, তারপরও যেন পৃথিবীর সব মেয়ের কাছে প্রাসঙ্গিক মনে হই। কারণ আমার মেয়ে সুহানাও এই সিনেমায় আছে। সব মেয়ে যেন ভাবে, আমার বাবা এমন হওয়া উচিত। এটাই কিং করার কারণ।’

অনুষ্ঠানে শাহরুখের কাছে আরও গম্ভীর ও চিন্তাশীল বিষয়বস্তুর সিনেমায় কাজের প্রত্যাশার কথাও উঠে আসে। জবাবে অভিনেতা বলেন, তিনি মূলত একজন বিনোদনদাতা। দর্শকেরা যেন সিনেমার কোনো অংশে নাচতে পারেন, কোনো অংশে কাঁদতে পারেন, গানের সঙ্গে গলা মেলাতে পারেন এবং গল্পের নাটকীয়তা ও আবেগ উপভোগ করতে পারেন, সেটিই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।