দক্ষিণী সুপারস্টার যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। মুক্তির আগে সিনেমাটির ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ৮ আগস্ট প্রকাশিত ৪ মিনিট ৩২ সেকেন্ডের ট্রেলারে ‘রকিভাই’খ্যাত যশকে দেখা গেছে একেবারে ভিন্ন ও ভয়ংকর অবতারে। প্রকাশের ২৪ ঘণ্টা না পেরোতেই ট্রেলারটি প্রায় দেড় কোটি দর্শক দেখে ফেলেছেন বলে জানা গেছে।

গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’ আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ট্রেলারের শুরুতেই দেখা যায় ভয়ংকর এক তাণ্ডব। এরপর একে একে সামনে আসে গ্যাংস্টার ড্রামা, জটিল সম্পর্ক, রক্তক্ষয়ী সংঘাত এবং রহস্যে ঘেরা এক গল্পের আভাস। তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বড় চমক হয়ে এসেছে যশের দ্বৈত চরিত্র।

ট্রেলারে যশকে দুটি সম্পূর্ণ ভিন্ন লুকে দেখা গেছে। এক চরিত্রে তাঁর লম্বা চুল, অন্যটিতে ধারালো দাড়ি ও ছোট চুল। দুই চরিত্রকে একই পরিবারের দুই ভাই হিসেবে দেখানো হয়েছে। তাদের চিন্তাভাবনা ও আদর্শ সম্পূর্ণ আলাদা হলেও পরিস্থিতির কারণে তারা জড়িয়ে পড়ে ভয়ংকর এক সংঘাতে। যশের এই দুই রূপ ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি করেছে।

সিনেমাটিতে কিয়ারা আদভানিকে দেখা যাবে একজন সার্কাস শিল্পীর চরিত্রে। তাঁর সঙ্গে যশের সম্পর্কেও রয়েছে রহস্য ও জটিলতা। ট্রেলারের ইঙ্গিত অনুযায়ী, এটি প্রচলিত প্রেমের গল্প নয়। নায়কের জীবনে থাকা অন্যান্য নারীদের সঙ্গেও তাঁর সম্পর্ক নানা বিপদ ও সংঘাতের সঙ্গে জড়িয়ে আছে।

শুধু যশ ও কিয়ারাই নন, সিনেমাটির কাস্টিংয়েও রয়েছে একাধিক চমক। ট্রেলারে নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তের উপস্থিতি দেখা গেছে। তাঁদের প্রত্যেকের চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা না হলেও সংক্ষিপ্ত উপস্থিতিই গল্পের রহস্য আরও বাড়িয়ে দিয়েছে।

‘কেজিএফ: চ্যাপ্টার ২’-এর অভাবনীয় সাফল্যের পর ‘টক্সিক’ই হতে যাচ্ছে যশের পরবর্তী বড় পর্দার মুক্তি। ফলে সিনেমাটি ঘিরে প্রত্যাশাও অনেক বেশি। ট্রেলারে যশের নতুন অবতার ও অ্যাকশন ঘরানা সেই প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে যশকে সামনে আরও একটি বড় প্রজেক্টে দেখা যাবে। নীতীশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক সিনেমা ‘রামায়ণ’-এ রাবণের চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমাটিতে রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর এবং সীতার চরিত্রে অভিনয় করেছেন সাই পল্লবী। ফলে ‘টক্সিক’-এর পাশাপাশি যশের পরবর্তী সিনেমা নিয়েও দর্শকদের আগ্রহ এখন বেশ তুঙ্গে।