হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজকে এবার দেখা যাবে একেবারেই ভিন্ন রূপে। ধূসর-সাদা চুল, বড় ভুঁড়ি, মুখভর্তি বলিরেখা আর বদলে যাওয়া শরীরী ভাষায় ‘ডিগার’ সিনেমায় হাজির হয়েছেন তিনি। চেনা অ্যাকশন হিরোর সঙ্গে এই লুকের যেন কোনো মিলই নেই।

দুইবারের অস্কারজয়ী মেক্সিকান নির্মাতা আলেহান্দ্রো জি. ইনারিতু পরিচালিত ‘ডিগার’ আজ শুক্রবার (২ অক্টোবর) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। একই দিনে বাংলাদেশের দর্শকরাও স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি দেখতে পারবেন। কালো হাস্যরসের এই সিনেমায় জলবায়ুসংকট, করপোরেট লোভ, রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং মানবসভ্যতার ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন তুলে ধরা হয়েছে।

‘মিশন : ইম্পসিবল’ সিরিজের ইথান হান্ট কিংবা ‘টপ গান’-এর আত্মবিশ্বাসী নায়কের বিপরীতে ‘ডিগার’-এ টম ক্রুজকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন এক মানুষ হিসেবে। চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তুলতে মেকআপ, পোশাক, দাঁতের গঠন, হাঁটার ধরন থেকে শুরু করে সংগীতের ছন্দ নিয়েও নির্মাতার সঙ্গে বিস্তারিত কাজ করেছেন তিনি। টম ক্রুজের মতে, একটি চরিত্র শুধু সংলাপ দিয়ে তৈরি হয় না, তার প্রতিটি দৃশ্যমান উপাদানও গল্প বলার অংশ হয়ে ওঠে।

ট্রেলার প্রকাশের পর থেকেই টম ক্রুজের এই রূপান্তর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। পরিচালক ইনারিতুও তার অভিনয়ের প্রশংসা করেছেন। তার মতে, দর্শক ক্রুজকে বহুবার ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্যে দেখেছেন, কিন্তু ‘ডিগার’-এ তার অভিনয় ভিন্ন ধরনের নির্ভীকতার পরিচয় দেয়।

এদিকে একই দিনে স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে জনপ্রিয় হরর-সারভাইভাল ফ্র্যাঞ্চাইজি ‘রেসিডেন্ট ইভিল’-এর নতুন সিনেমা। ক্যাপকমের জনপ্রিয় ভিডিও গেম সিরিজ অবলম্বনে ২০০২ সালে মিলা জোভোভিচ অভিনীত প্রথম সিনেমার মাধ্যমে হলিউডে যাত্রা শুরু করে ফ্র্যাঞ্চাইজিটি। পরে এটি সাতটি সিনেমার সিরিজে পরিণত হয়।

২০২১ সালে ‘রেসিডেন্ট ইভিল : ওয়েলকাম টু র‍্যাকুন সিটি’র মাধ্যমে নতুনভাবে শুরু করা হয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পাঁচ বছর পর এবার আসছে নতুন ‘রেসিডেন্ট ইভিল’। জ্যাক ক্রেগার পরিচালিত সিনেমাটি আগের ছবিগুলোর সরাসরি সিক্যুয়াল নয়। ভিডিও গেমের আবহ ও সারভাইভাল হরর ধারণাকে নতুনভাবে উপস্থাপন করা হয়েছে এতে। সিনেমাটিতে অভিনয় করেছেন অস্টিন আব্রামস, জ্যাক চেরি, কলি রেইস, পল ওয়াল্টারসহ আরও অনেকে।