ডিসি ইউনিভার্সের নতুন সিনেমা ‘ম্যান অব টুমরো’তে দেখা যেতে পারে ওয়ান্ডার ওম্যানকে। আর জনপ্রিয় এই সুপারহিরো চরিত্রে অভিনয়ের সম্ভাবনা তৈরি হয়েছে অভিনেত্রী আদ্রিয়া আরজোনাকে ঘিরে। সম্প্রতি দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে সাংবাদিক বেন ফ্রিটজ জানিয়েছেন, ডিসি স্টুডিওর প্রধান জেমস গান ও পিটার সাফরান নতুন সিনেমাটিতে ওয়ান্ডার ওম্যানের অভিষেক ঘটানোর পরিকল্পনা করছেন। তবে আদ্রিয়া আরজোনা চরিত্রটিতে অভিনয় করছেন কি না, তা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি ডিসি।
এর আগে জুন মাসেও আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবে দেখা যেতে পারে বলে খবর প্রকাশিত হয়েছিল। আগস্টে ধারণা করা হয়, সিনেমাটিতে তাঁর উপস্থিতি হতে পারে অতিথি চরিত্রে। ২৬ আগস্ট শুটিং শেষ হওয়ার আগে শেষ কয়েক সপ্তাহে তিনি দৃশ্যধারণে অংশ নিয়েছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অক্টোবরে অভিনেতা ফ্রাঙ্ক গ্রিলো আদ্রিয়াকে ওয়ান্ডার ওম্যান হিসেবে দেখানো একটি ভক্তনির্মিত পোস্টার শেয়ার করেন। এ নিয়ে জেমস গান জানান, আদ্রিয়া কোন চরিত্রে অভিনয় করছেন, তা ফ্রাঙ্ক জানেন না। তবে ছোট কোনো চরিত্রে তাঁর উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি।
‘ম্যান অব টুমরো’ সিনেমাটি ২০২৭ সালের ৯ জুলাই মুক্তির কথা রয়েছে। ওয়ান্ডার ওম্যানের উপস্থিতি এবং আদ্রিয়ার চরিত্র নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন দর্শকেরা।