ক্যাপ্টেন জ্যাক স্প্যারো হয়ে আবারও পর্দায় ফিরতে পারেন হলিউড অভিনেতা জনি ডেপ। জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ কিস্তিতে তাঁর অভিনয়ের সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এখনো প্রত্যাবর্তনের বিষয়ে নিশ্চিত কোনো ঘোষণা দেননি অভিনেতা। জানিয়েছেন, গল্পটির একটি স্মরণীয় সমাপ্তি উপহার দেওয়ার সুযোগ পেলেই কেবল নতুন সিনেমায় যুক্ত হওয়ার কথা ভাববেন।

সম্প্রতি নিজের নতুন সিনেমা ‘এবেনিজার’-এর প্রচারণায় এন্টারটেইনমেন্ট টুনাইটকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেন ডেপ। তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হওয়ার ক্ষেত্রে তাঁর মূল আগ্রহ গল্পটির সুন্দর সমাপ্তি নিশ্চিত করা। অভিনেতার ভাষায়, ‘আমি সত্যিই শুধু একটাই বিষয়ে যুক্ত থাকতে চাই, আর তা হলো তাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়া।’

সিনেমাটির প্রযোজক জেরি ব্রুকহাইমারের সঙ্গে আবারও কাজ করার আগ্রহের কথাও জানিয়েছেন ডেপ। তাঁকে ঘনিষ্ঠ বন্ধু উল্লেখ করে অভিনেতা বলেন, ব্রুকহাইমার ডাকলে আগামীকালই তাঁর সঙ্গে কাজ করতে প্রস্তুত তিনি।

এর আগে ২০২৫ সালের গ্রীষ্মে ব্রুকহাইমার জানিয়েছিলেন, নতুন সিনেমা নিয়ে জনি ডেপের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। চিত্রনাট্য পছন্দ হলে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে ফিরতে পারেন অভিনেতা। তখন নতুন সিনেমার গল্প তৈরির কাজ চলছিল বলেও জানান তিনি।

২০০৩ সালে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দিয়ে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে যাত্রা শুরু করেন জনি ডেপ। ২০১৭ সাল পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিটির পাঁচটি সিনেমায় অভিনয় করেন তিনি। বিশ্বজুড়ে ছবিগুলোর সম্মিলিত আয় প্রায় ৪৫০ কোটি ডলার। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ ও ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ এককভাবে এক বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল।