বক্স অফিসে নতুন সব রেকর্ড গড়ার পাশাপাশি আন্তর্জাতিক মহলেও দারুণ সাড়া ফেলেছে রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত মেগা প্রজেক্ট ‘রামায়ণ: পার্ট ওয়ান’ (Ramayana: Part One)। তবে বিশ্বমঞ্চে ছবিটি মুক্তির ক্ষেত্রে নির্মাতারা ভিন্ন কৌশল নিয়েছিলেন। আন্তর্জাতিক দর্শকদের কথা মাথায় রেখে ছবিটির ৩০ মিনিট ছোট এবং এআই-এর সাহায্যে লিপ-সিঙ্ক করা একটি ইংরেজি ডাবিং সংস্করণ মুক্তি দেওয়া হয়েছিল, যার নাম দেওয়া হয় ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’ (Ramayana: Rise of a Legend)।
কিন্তু পশ্চিমা দর্শকদের বড় একটি অংশ ছাঁটাই করা ওই ইংরেজি সংস্করণের চেয়ে মূল হিন্দি সংস্করণটিকেই বেশি পছন্দ করছেন। রেডডিট ও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দর্শকরা বলছেন, ভারতীয় মহাকাব্যের মূল আবহ ও গল্পের গভীরতা উপভোগ করতে হলে গান এবং অতিরিক্ত দৃশ্যসহ ৩ ঘণ্টা ১৫ মিনিটের মূল হিন্দি সংস্করণটিই সেরা। অনেকেই মন্তব্য করেছেন যে, গান বা মিউজিক্যাল সিকোয়েন্সগুলো বাদ দিলে গল্পের মূল আবেদনটাই নষ্ট হয়ে যায়। তাই সাবটাইটেলসহ মূল হিন্দি ভার্সনটি দেখার জন্যই বেশি উৎসাহ দেখাচ্ছেন আন্তর্জাতিক দর্শকরা।