বলিউডের আলোচিত সিনেমা ‘দ্য ডার্টি পিকচার’-এর সিক্যুয়েল নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ছবিটির দ্বিতীয় কিস্তি নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রযোজক একতা কাপুর। নতুন সিনেমার গল্প নিয়ে আশাবাদী এই প্রযোজক এখনই অবশ্য প্রকাশ করতে চান না বিস্তারিত তথ্য।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে একতা কাপুর জানান, তিনি ‘দ্য ডার্টি পিকচার ২’ নির্মাণের পরিকল্পনা করছেন। তবে এবার কারা অভিনয় করবেন, সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে কে থাকবেন কিংবা কবে নাগাদ এটি মুক্তি পাবে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

একতা জানান, নতুন কিস্তির জন্য তাঁর কাছে একটি শক্তিশালী গল্প রয়েছে, যা দর্শকদের সঙ্গে ভাগ করে নিতে তিনি আগ্রহী। প্রথম সিনেমায় সিল্ক স্মিতার জীবন ও তাঁর সাহসী ব্যক্তিত্ব যেভাবে তুলে ধরা হয়েছিল, সেটিও স্মরণ করেন প্রযোজক। তাঁর ভাষ্য অনুযায়ী, সমাজ যাঁকে কোণঠাসা করতে চেয়েছিল, সিল্ক নিজের মতো করে বাঁচতে চেয়েছিলেন এবং নিজের স্বতন্ত্র সত্তাকে উদ্‌যাপন করতেন।

২০১১ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘দ্য ডার্টি পিকচার’। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সিল্ক স্মিতার জীবনের ছায়া অবলম্বনে নির্মিত সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করে ব্যাপক প্রশংসা পান বিদ্যা বালান। তাঁর অভিনয়ের পাশাপাশি সিনেমাটিতে ছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাশমি ও তুষার কাপুর।

মুক্তির পর সিনেমাটি দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। এবার নতুন কিস্তির পরিকল্পনার খবর প্রকাশ্যে আসায় ভক্তদের আগ্রহ তৈরি হয়েছে। তবে সিক্যুয়েলে বিদ্যা বালান ফিরবেন কি না, কিংবা গল্পে সিল্ক স্মিতার জীবনের কোন দিক উঠে আসবে, তা জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।