ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশের সিনেমা হিসেবে অংশ নিয়েই পুরস্কার জিতেছে রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস প্রেমিও বিসাতো দ’ওরো অর্জন করেছে সিনেমাটি।

শুক্রবার রাতে বাংলাদেশ সময় ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কার তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান।

পুরস্কার জয়ের প্রতিক্রিয়ায় রুবাইয়াত বলেন, ভেনিসের মতো মর্যাদাপূর্ণ উৎসবে এই স্বীকৃতি তার জন্য অত্যন্ত সম্মানের। জুরিরা তার সিনেমাটি পছন্দ করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি। তার মতে, এই পুরস্কার বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জন্যও গুরুত্বপূর্ণ এবং দেশের সিনেমাকে এগিয়ে নিতে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

এবারই প্রথম কোনো বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে। ৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রশংসিত হয়েছে এটি।

২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে বিশ্বের অন্যতম প্রাচীন এই চলচ্চিত্র উৎসব। ১২ সেপ্টেম্বর শেষ হবে ৮৩তম আসর। অফিশিয়াল শাখার পুরস্কারের জন্যও অরিজন্তি বিভাগে প্রতিযোগিতা করছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ বিনতে কামাল। এছাড়া অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী ও রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।

ভেনিসের পাশাপাশি টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে সিনেমাটি। বৃহস্পতিবার শুরু হওয়া টরন্টো উৎসবে অংশ নিতে ভেনিস থেকেই রওনা দেবেন রুবাইয়াত। উৎসবটি শেষ হবে ২০ সেপ্টেম্বর।