জনপ্রিয় ভৌতিক সিনেমা ফ্র্যাঞ্চাইজি ‘দ্য কনজ্যুরিং’ এবার পা রাখতে যাচ্ছে ভিডিও গেমের দুনিয়ায়। ফ্র্যাঞ্চাইজিটিকে ঘিরে প্রথম স্বতন্ত্র ভিডিও গেম হিসেবে আসছে ‘দ্য কনজ্যুরিং: আনস্পোকেন’। হ্যালোইন মৌসুমকে সামনে রেখে আগামী অক্টোবরে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে গেমটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘দ্য কনজ্যুরিং: আনস্পোকেন’-এ অশুভ শক্তির মুখোমুখি হওয়ার পাশাপাশি বিভিন্ন অতিপ্রাকৃত ঘটনার রহস্য অনুসন্ধান করতে হবে খেলোয়াড়কে। গেমটির গল্প আবর্তিত হয়েছে একটি শোকাহত পরিবার এবং ‘রেড লায়ন ইন’ নামের রহস্যময় একটি সরাইখানাকে ঘিরে। সরাইখানাটিতে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনার তদন্ত এবং সেখানকার ভৌতিক সংকেত খুঁজে বের করাই হবে গেমের অন্যতম প্রধান কাজ।

নেটফ্লিক্স জানিয়েছে, এটি একটি ক্লাউড গেম এবং সরাসরি টেলিভিশনেও খেলা যাবে। তবে গেমটির নির্দিষ্ট মুক্তির তারিখ এবং খেলার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

২০১৩ সালে প্রথম ‘দ্য কনজ্যুরিং’ সিনেমা মুক্তির মাধ্যমে এই হরর ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়। পরবর্তী সময়ে ‘অ্যানাবেল’, ‘দ্য নান’-সহ একাধিক সিনেমা ও স্পিন-অফের মাধ্যমে এর জগৎ আরও বিস্তৃত হয়েছে।

এর আগে ‘ফোর্টনাইট’-এর মতো গেমে ‘দ্য কনজ্যুরিং’-এর সঙ্গে সম্পর্কিত কিছু অভিজ্ঞতা পাওয়া গেলেও পুরো ফ্র্যাঞ্চাইজিকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ স্বতন্ত্র ভিডিও গেম হিসেবে ‘দ্য কনজ্যুরিং: আনস্পোকেন’ই প্রথম। ফলে হররপ্রেমী গেমারদের জন্য গেমটি নতুন ধরনের ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আসতে পারে।