বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের পরিচালিত অভিষেক সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ মুক্তির পর থেকেই নেটপাড়ায় তুমুল চর্চায় ছিল। হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির ভেতরের নানা আড়াল-আবডাল ও মজার ব্যঙ্গাত্মক গল্প নিয়ে তৈরি তারকাবহুল এই সিরিজটি দর্শকদের প্রশংসাও কুড়িয়েছে। এবার গুঞ্জন উঠেছে আলোচিত এই সিরিজের দ্বিতীয় সিজনও নাকি আসতে যাচ্ছে খুব শিগগিরই। ভাইব নিউজের এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্তারিত।
সিরিজটির প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট ও ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের মধ্যে নতুন সিজন নিয়ে জোর আলোচনা চলছে বলে জানা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সম্ভাবনার কথা নিশ্চিত করেছেন সিরিজের অন্যতম চিত্রনাট্যকার বিলাল সিদ্দিকী।
বিলাল সিদ্দিকী জানান, প্রথম মৌসুমটি তাঁরা যেভাবে পরিকল্পনা করেছিলেন, সফলভাবে সেভাবেই শেষ করতে পেরেছেন। এখন দ্বিতীয় মৌসুম তৈরির তীব্র ইচ্ছা তাঁদেরও রয়েছে। রেড চিলিস ও নেটফ্লিক্সের মধ্যকার কথাবার্তা ইতিবাচক হলে আবারও আরিয়ানের সঙ্গে কাজ করতে পেরে তিনি বেশ আনন্দিত হবেন।
পরিচালক হিসেবে আরিয়ান খানের বুদ্ধিমত্তা ও রসবোধের প্রশংসা করে বিলাল আরও যোগ করেন, চিত্রনাট্য লেখার সময় আরিয়ানের চমৎকার বোঝাপড়ার কারণে গল্প ফুটিয়ে তোলা বেশ সহজ হয়েছিল। তবে দ্বিতীয় সিজন নিয়ে ইতিবাচক সংকেত থাকলেও এখন পর্যন্ত রেড চিলিস বা নেটফ্লিক্স কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।