বিশ্বজুড়ে কোটি কোটি ভক্তের কৌতূহলের অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মার্কিন পপ সম্রাজ্ঞী টেলর সুইফট ও এনএফএল (NFL) তারকা ট্র্যাভিস কেলসি। তবে তাঁদের এই জমকালো বিয়ের আয়োজন যেন কোনো হলিউডি থ্রিলার সিনেমার 'গোপন মিশন'-কেও হার মানিয়েছে। বিয়েতে আমন্ত্রিত প্রায় ১ হাজার অতিথি এবং অগণিত ক্রু, স্টাইলিস্ট ও সহকারীদের একটি অত্যন্ত ‘কঠিন’ এনডিএ (গোপনীয়তা রক্ষা) চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যেন বিয়ের কোনো তথ্যই কোনোভাবে বাইরে না আসে।
এই মাত্রাতিরিক্ত কড়াকড়ি ও গোপনীয়তার কারণে আমন্ত্রিত অতিথিদের অনেকেই বেশ ক্ষোভ প্রকাশ করেছেন। জানা গেছে, অতিথিদের কেবল আগামী দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি ভেন্যু বা অনুষ্ঠানের কোনো বিস্তারিত তথ্য। যেন তাঁরা কোনো শীতল যুদ্ধের গোপন গোয়েন্দা, যারা শেষ মুহূর্তের মিশন নির্দেশের অপেক্ষায় আছেন। নাম প্রকাশ না করার শর্তে এক আমন্ত্রিত অতিথি মার্কিন সংবাদমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “টেইলর এবং ট্র্যাভিস গোপনীয়তার বিষয়টি একটু বেশিই বাড়িয়ে ফেলছেন। নিজের ব্যক্তিগত জীবনের সুরক্ষা সবাই চায়, সেটা গ্রহণযোগ্য। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, তাঁরা যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাউকেই বিশ্বাস করতে পারছেন না।”
অনেকেই এই অতি-গোপনীয়তার প্রচেষ্টাকে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের সেই আলোচিত ‘ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেসি ট্যুর’-এর সঙ্গে তুলনা করছেন। বিশ্বের অন্যতম শীর্ষ পপ তারকা দেশের অন্যতম বড় শহরের একটি বিশাল স্পোর্টস অ্যারেনায় ১ হাজার অতিথি নিয়ে বিয়ে করবেন, অথচ সেটা থাকবে ‘টপ-সিক্রেট’ বিষয়টি বাস্তবে বেশ অদ্ভুত ও নজিরবিহীন।
তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিউইয়র্কের এক আইন প্রয়োগকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই সম্পন্ন হচ্ছে সুইফটের বিয়ের মূল আনুষ্ঠানিকতা। ভেতরের এক সূত্র জানিয়েছে, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরে কোনো কৃত্রিম দুর্গ তৈরি করা না হলেও সবুজ ঘাস, কার্পেট এবং সুদৃশ্য শামিয়ানা দিয়ে বিয়ের চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে। সেখানে একটি বিশেষ চমৎকার মঞ্চও তৈরি করা হয়েছে।
এদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (NYPD) একটি অভ্যন্তরীণ মেমো থেকে বিয়ের সময়সূচি জানা গেলেও, গুঞ্জন রয়েছে যে গণমাধ্যম ও উৎসুক জনতাকে বিভ্রান্ত করতে এর বাইরেও আরেকটি গোপন দ্বিতীয় ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকার স্বাধীনতা দিবসের (৪ ঠা জুলাই) প্রাক্কালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই বিশাল আয়োজন মার্কিন পপ সংস্কৃতির ইতিহাসে এক নতুন অধ্যায় হতে যাচ্ছে।