নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) মধ্যরাতে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

তিশা জানান, শ্রীমঙ্গলে একটি প্রজেক্টের শুটিং শেষ করে প্রাইভেট কারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি ও তার টিমের সদস্যরা। পথে ভৈরব ব্রিজ ও টোল প্লাজা পার হওয়ার পর একটি মোড়ে দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের গাড়িতে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় তাদের গাড়ির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপটি চালকসহ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তিশা, তার ফটোগ্রাফার, সহকারীসহ গাড়িতে থাকা কেউ বড় ধরনের আঘাত পাননি।

দুর্ঘটনার পর গাড়ির চালক মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নেন এবং কিছু দূর গিয়ে সেটিকে আটক করতে সক্ষম হন। তবে পিকআপ চালক গাড়িটি রাস্তায় ফেলে চাবি নিয়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি তদারকি করে।

ফেসবুক লাইভে তিশা বলেন, ধাক্কাটি বেশ ভয়াবহ ছিল। তবে আল্লাহর রহমতে গাড়িতে থাকা সবাই বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন।