নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরী ও ইনফ্লুয়েন্সার ফাতেমা তুজ জোহরার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন অভিনেত্রী তানজিন তিশা। গত ৪ নভেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলাটি করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন তিশার আইনজীবী মো. জসীমউদ্দীন। তিনি জানান, মামলাটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে পাঠানো হয়েছে।

মামলার বিষয়ে তানজিন তিশা সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি জানিয়েছেন, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এ বিষয়ে যা বলার, তাঁর আইনজীবীই বলবেন।

মামলায় সানায়াকে এক নম্বর এবং ফাতেমা তুজ জোহরাকে দুই নম্বর আসামি করা হয়েছে। অভিযোগ, একটি ভিডিওতে তানজিন তিশাকে নিয়ে মানহানিকর মন্তব্য ও মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন ফাতেমা। এর পরিপ্রেক্ষিতেই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেত্রী।