শাকিব খানকে নিয়ে আর কোনো বিতর্কে জড়াতে চান না চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। ঢালিউডের এই সুপারস্টারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালো ও বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন তিনি। অতীতে শাকিবকে নিয়ে করা কিছু মন্তব্যের পেছনে অভিমান কাজ করেছিল বলে স্বীকার করেছেন অভিনেত্রী।

রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৬’এর তৃতীয় আসরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মিষ্টি। শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন করাকে একপর্যায়ে ‘বোকামি’ বলেও মন্তব্য করেন তিনি।

মিষ্টি বলেন, ‘শাকিব আমাকে বলেছে, তুমি আমার নামে এ রকম উদ্ভট কিছু বলো না। আমি চাই না তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব হোক। কারণ আমাদের খুবই ভালো সম্পর্ক, ভালো বন্ধুত্ব। ওই সময় তার ওপর আমার একটু রাগ ছিল। সে কারণেই অনেক কিছু বলে ফেলেছি।’

শাকিবকে নিয়ে কথা বলে আলোচনায় আসার ইচ্ছা নেই জানিয়ে অভিনেত্রী বলেন, তাঁদের সম্পর্কের অনেক মুহূর্তই বাস্তব। শাকিবের বাসায় দাওয়াত পাওয়া, তাঁর মায়ের রান্না করা খাবার খাওয়া কিংবা একসঙ্গে ফ্লাইটে আসার মতো স্মৃতির কথাও তুলে ধরেন তিনি।

শাকিবের ব্যক্তিত্বের প্রশংসা করে মিষ্টি আরও বলেন, মানুষের প্রতি সম্মান দেখানো এবং সবার সঙ্গে সৌজন্য বজায় রাখার বিষয়টি তিনি শাকিবের কাছ থেকে শিখেছেন। দীর্ঘদিন নিজের তারকাখ্যাতি ধরে রাখাও কঠিন বলে মনে করেন অভিনেত্রী।

ক্যারিয়ারের কঠিন সময়েও শাকিবের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছেন মিষ্টি। একসময় সিনেমা ছেড়ে দেওয়ার কথা ভাবলেও শাকিবের ক্যারিয়ারের কঠিন সময়ে নতুন করে শুরু করার প্রত্যয়ের কথা মনে করে সাহস পেয়েছিলেন তিনি। মিষ্টির ভাষ্য, মাঝপথে থেমে না গিয়ে আবারও শুরু করা সম্ভব।