গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশার মা। চার দিন আগে তিনি আকস্মিকভাবে হৃদরোগে (হার্ট অ্যাটাক) আক্রান্ত হন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। জীবনের এই কঠিন ও সংকটময় মুহূর্তে মায়ের দ্রুত সুস্থতা কামনা করে ভক্ত, অনুরাগী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী।
শনিবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মায়ের শারীরিক অবস্থার কথা জানান তিশা। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের একটি ছবি যুক্ত করে তিনি লেখেন, “দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।”
পরিবারের এমন কঠিন পরিস্থিতির কথা জানিয়ে অভিনেত্রী আরও লেখেন, “এটি আমাদের পরিবারের জন্য ভীষণ কঠিন একটি সময়। এই মুহূর্তে আমি আপনাদের সবার আন্তরিক প্রার্থনা ছাড়া আর কিছুই চাইছি না। সবাই প্রার্থনা করবেন যেন আল্লাহ তাঁকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন এবং নিরাপদে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।” সামাজিক মাধ্যমে তিশার এই পোস্টের পর থেকেই সহকর্মী ও ভক্ত-অনুরাগীরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন এবং তাঁর মায়ের দ্রুত আরোগ্য কামনা করে সমবেদনা জানাচ্ছেন।