দীর্ঘ ১৩ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটানোর ঘোষণা দিয়েছেন ভারতের দক্ষিণী তারকা ও রাজনীতিক পবন কল্যাণ এবং তাঁর স্ত্রী আন্না কোনিডেলা। সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বিবৃতির মাধ্যমে আলাদা হওয়ার সিদ্ধান্ত জানান তাঁরা। তবে দাম্পত্যের ইতি ঘটলেও ভালো বন্ধু এবং সন্তানদের প্রতি দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকার কথা জানিয়েছেন এই দম্পতি।

যৌথ বিবৃতিতে পবন ও আন্না লেখেন, জীবনের গুরুত্বপূর্ণ একটি সময় একসঙ্গে কাটানোর পর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের সন্তানদের সুখ ও সুস্থতাই ভবিষ্যতেও দুজনের অভিন্ন অগ্রাধিকার থাকবে। পাশাপাশি জীবনের এই ব্যক্তিগত পরিবর্তনের সময়ে সবার কাছে গোপনীয়তার প্রতি সম্মান ও সহানুভূতি কামনা করেছেন তাঁরা।

তবে বিচ্ছেদের পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেননি দুজন। ২০১১ সালে তেলেগু সিনেমা ‘তিন মার’-এর শুটিংয়ে পরিচয় হয় পবন ও রাশিয়ান মডেল আন্না লেজনেভার। পরিচয় থেকে প্রেম, এরপর ২০১৩ সালে বিয়ে করেন তাঁরা। এটি পবন কল্যাণের তৃতীয় বিয়ে। এর আগে নন্দিনী ও অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদ হয়েছিল।

পবন ও আন্নার সংসারে দুই সন্তান মেয়ে পোলেনা অঞ্জনা পাওয়ানোভা এবং ছেলে মার্ক শঙ্কর পাওয়ানোভিচ। বিচ্ছেদের সিদ্ধান্ত জানালেও সন্তানদের প্রতিপালন ও ভবিষ্যতের দায়িত্ব একসঙ্গে পালনের কথা স্পষ্ট করেছেন তাঁরা। এর আগে ২০২৩ সালেও তাঁদের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল, তবে সে সময় তা নাকচ করা হয়েছিল। এবার নিজেরাই যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করলেন এই তারকা দম্পতি।