ঢালিউডে অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন ও বিতর্ক নিয়ে বেশি আলোচনা হয় বলে আক্ষেপ প্রকাশ করেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। তাঁর মতে, ভালো অভিনয় ও ব্যক্তিত্বের জন্য পরিচিত অনেক অভিনেত্রী আলোচনার বাইরে থেকে যাচ্ছেন। অথচ অপ্রয়োজনীয় বিষয় নিয়েই বেশি মাতামাতি করছেন দর্শকরা।
সম্প্রতি ফেসবুকে দেওয়া এক দীর্ঘ পোস্টে নিজের পছন্দের কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করেন ফারিয়া। তালিকার শুরুতেই তিনি রেখেছেন জয়া আহসানকে। অভিনয়, সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রশংসা করার পাশাপাশি জয়ার ব্যাগ, ঘড়ি ও জামদানি সংগ্রহের কথাও উল্লেখ করেন তিনি।
ফারিয়ার প্রশংসা পেয়েছেন অভিনেত্রী সানজিদা প্রীতিও। ‘৬৯’ ও ‘স্পর্শের বাইরে’ সিরিজে তাঁর অভিনয়ের কথা তুলে ধরে ফারিয়া জানান, নিজের ‘কলিংবেল’ সিরিজে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাও তাঁর রয়েছে।
নিজের সমসাময়িক অভিনেত্রী মৌসুমী হামিদের অভিনয় দেখে মুগ্ধ হওয়ার কথা জানিয়েছেন ফারিয়া। এমনকি তাঁর মতো অভিনয় করতে পারলে ভালো লাগত বলেও মন্তব্য করেছেন। এ ছাড়া নাজিয়া হক অর্ষার অভিনয় ও অভিব্যক্তির প্রশংসা করে একটি নাটকে তাঁর অভিনয় দেখে নিজের চরিত্রটি না করার সিদ্ধান্তে স্বস্তি পেয়েছিলেন বলে জানিয়েছেন ফারিয়া।
পোস্টে আফসান আরা বিন্দু, রুমানা রশীদ ঈশিতা, বিপাশা হায়াত, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খান, তারিন আহমেদ, জাকিয়া বারী মম, সুমাইয়া শিমু ও নাজিফা তুষির নামও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে ফারিয়া বলেন, ভালো অভিনয়, ব্যক্তিত্ব ও মার্জিত আচরণের জন্য পরিচিত অনেক অভিনেত্রী থাকলেও তাঁদের কাজ নিয়ে যথেষ্ট আলোচনা হয় না। বরং পোশাকের দাম কিংবা বিদেশে ঘোরাঘুরির মতো বিষয় নিয়েই বেশি চর্চা হয়। শোবিজে এমন প্রবণতা থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।