অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ভ্রমণেও সময় কাটাতে পছন্দ করেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নতুন শহর, ঐতিহাসিক স্থাপনা ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসেন তিনি। এবার ফারিণ ঘুরতে গেছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে।

প্যারিসের বিখ্যাত পালে গার্নিয়ে অপেরা হাউসের সামনে দাঁড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবিতে কালো পোশাকে হাস্যোজ্জ্বল ফারিণকে দেখা গেছে। পেছনে ঐতিহাসিক স্থাপনা ও নীল আকাশ মিলিয়ে ছবিটি বেশ নজর কেড়েছে। তবে ছবির পাশাপাশি তার দেওয়া ক্যাপশনও অনুসারীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

প্যারিস ভ্রমণের মুহূর্তে জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথা জানিয়েছেন ফারিণ। তিনি লেখেন, ‘এই পৃথিবীতে আসলে আমাদের নিজের বলে কিছুই নেই না মানুষ, না সম্পত্তি এমনকি মুহূর্তও না। আমরা কেবল মাধ্যম, যাদের ভেতর দিয়ে ভালোবাসা, সম্পর্ক, অভিজ্ঞতা আর প্রাপ্তিগুলো কিছু সময়ের জন্য প্রবাহিত হয়। তারপর একদিন সবকিছু ছেড়ে যেতে হয়।’

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করা তাসনিয়া ফারিণ বর্তমানে বড় পর্দাতেও নিয়মিত কাজ করছেন। গত বছর শরীফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর চলতি বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যায় ফারিণকে।