মানহানি, ভুল তথ্য প্রচার ও সাইবার হয়রানির অভিযোগে মডেল ও অভিনেত্রী তানজিন নাহার তিশাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ফ্যাশন ডিজাইনার ও নারী উদ্যোক্তা সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর পক্ষে পাঠানো এই নোটিশে তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সংশ্লিষ্ট ছবি ও লেখা সরিয়ে ফেলার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী শুভ্র সিনহা রায়ের চেম্বার থেকে নোটিশটি পাঠানো হয়।

নোটিশে অভিযোগ করা হয়েছে, গত ২৭ অক্টোবর তানজিন নাহার তিশা তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে সানায়া আনামের বিরুদ্ধে আপত্তিকর ছবি ও ভুল তথ্য প্রকাশ করেন। এতে সানায়ার ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

এ ছাড়া গত বছরের ৭ নভেম্বর ফেসবুক মেসেঞ্জারে সানায়াকে ভাইরাল করার হুমকি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তিশার বিরুদ্ধে। নোটিশে উল্লেখ করা হয়, ওই বার্তায় লেখা ছিল, ‘ফেমাস হইলে হইলো, আমি তোমার ছবি আপলোড করে দিব নে’। পরবর্তী সময়ে সানায়ার ছবি ফেসবুকে প্রকাশের মাধ্যমে তাঁর সম্মানহানি করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়েছে, তিশার ফেসবুক পোস্টে দুজনকে বোন হিসেবে উল্লেখ করাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ও উপহাসের পরিস্থিতি তৈরি হয়েছে। সানায়া একজন ফ্যাশন ডিজাইনার এবং অন্যজন নারী উদ্যোক্তা হওয়া সত্ত্বেও তাঁদের পেশাগত পরিচয় নেতিবাচকভাবে উপস্থাপন করে মানহানি করা হচ্ছে বলে নোটিশে দাবি করা হয়েছে।

পাশাপাশি, সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি ছাড়া ছবি প্রকাশের বিষয়টিকে সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর লঙ্ঘন হিসেবেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

দুই দিনের মধ্যে পোস্ট সরানোর নির্দেশ

আইনি নোটিশে তানজিন নাহার তিশাকে নোটিশ পাওয়ার দুই দিনের মধ্যে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়া আনামের সঙ্গে সংশ্লিষ্ট সব ছবি ও লেখা সরিয়ে ফেলতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে আর্থিক মানহানির অভিযোগে মামলা এবং সাইবার ট্রাইব্যুনালসহ দেশের প্রচলিত আদালতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।