এমবিবিএস সম্পন্ন করেও চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করেননি সাই পল্লবী। বরং অভিনয়কেই বেছে নিয়েছেন নিজের ক্যারিয়ার হিসেবে। মালয়ালম সিনেমা ‘প্রেমাম’-এর মাধ্যমে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী। এবার চিকিৎসক না হয়ে অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত নিয়ে সাই পল্লবীকে প্রশ্ন করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। আর সেই প্রশ্নের জবাবে মজার ব্যাখ্যা দিয়ে হাসির পরিবেশ তৈরি করলেন সাইয়ের ‘রামায়ণ’ সহশিল্পী রণবীর কাপুর।

‘রামায়ণ’ সিনেমার প্রচারের অংশ হিসেবে অমিতাভ বচ্চনের কুইজ শো ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-তে হাজির হওয়ার কথা রয়েছে রণবীর কাপুর, সাই পল্লবী ও রবি দুবের। অনুষ্ঠানটির একটি প্রচারমূলক ভিডিওতে সাইয়ের চিকিৎসাবিদ্যা পড়ার পর অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করেন অমিতাভ।

সাইকে তিনি বলেন, “আপনি চিকিৎসক হওয়ার জন্য পড়াশোনা করেছেন। তারপর এখানে চলে এলেন। কীভাবে?”

জবাবে সাই পল্লবী বলেন, “ঈশ্বরই লিখে রেখেছিলেন যে আপনাকে অভিনয় করতে হবে।” অর্থাৎ, অভিনয়জগতে আসাকে নিজের নিয়তি হিসেবেই দেখেন তিনি।

সাইয়ের উত্তর শুনে কিছুটা অবাক হন অমিতাভ। তখন কথায় মজার মোড় এনে রণবীর কাপুর বলেন, “ভগবানের প্রেসক্রিপশনেই লেখা ছিল, স্যার, ওকে অভিনয় করতে হবে।” তাঁর এই মন্তব্যে হেসে ওঠেন দর্শকেরা। মুহূর্তেই অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে প্রাণবন্ত।

আরেকটি প্রচারমূলক ভিডিওতে ‘রামায়ণ’-এ সীতার চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাই পল্লবী। তাঁর কথায়, এবার কোনো চরিত্রে অভিনয়ের আগে নিজের ভাবনার চেয়ে সেই চরিত্র থেকে কী শেখা যায়, সেটিকেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি।

সাই বলেন, সাধারণত কোনো চরিত্রে অভিনয়ের সময় তিনি ভাবেন, সেই চরিত্রকে কী দিতে পারবেন। কিন্তু সীতার চরিত্রের ক্ষেত্রে প্রথমবার ভেবেছেন, এই চরিত্রের মাধ্যমে তিনি কী শিখতে পারবেন। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে চেয়েছিলেন বলেও জানান অভিনেত্রী। সীতামায়ের কাছে প্রার্থনা করে কাজটি শুরু করেছিলেন তিনি।

‘রামায়ণ’-এর তারকাদের নিয়ে বিশেষ পর্ব দুটি আগামী ২৯ ও ৩০ অক্টোবর প্রচারিত হওয়ার কথা রয়েছে। সিনেমাটির প্রচারে কলকাতা, হায়দরাবাদ ও চেন্নাইয়ের মতো শহরে ঘুরছেন ছবির কলাকুশলীরা। প্রথম পর্বটি আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক মহাকাব্যধর্মী ‘রামায়ণ’ সিনেমায় ভগবান রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর। সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের ভূমিকায় রয়েছেন সানি দেওল। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অরুণ গোভিল, লারা দত্ত, রাকুল প্রীত সিং, কাজল আগরওয়াল ও বিবেক ওবেরয়কে।

প্রতিবেদন অনুযায়ী, প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে সিনেমাটি। যশ ও নমিত মালহোত্রার প্রযোজনায় দুই পর্বে মুক্তি পাওয়ার পরিকল্পনা রয়েছে ছবিটির। প্রথম পর্ব ২০২৬ সালের ৫ নভেম্বর এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।