বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ব্যক্তিগত জীবন, প্রেম ও বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, বর্তমানে তিনি কোনো প্রেমের সম্পর্কে নেই। আর জীবনে সঠিক মানুষ এলে তবেই বিয়ের সিদ্ধান্ত নেবেন।
এর আগে অভিনেতা ইয়াশ রোহানের সঙ্গে তটিনীর প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে সেই গুঞ্জনকে আবারও নাকচ করে দিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘ইয়াশ আমার খুব ভালো বন্ধু। এটা আমি অনেকবারই বলেছি। যদি প্রেমের সম্পর্ক থাকত, তাহলে বিষয়টি আমি আরও ব্যক্তিগতভাবে সামলাতাম। এটা নিয়ে কথা বলার সুযোগই দিতাম না। তাই আপনারা নিশ্চিত থাকতে পারেন, কোনো প্রেম নেই।’
বিয়ের পরিকল্পনা প্রসঙ্গে তটিনী জানান, তিনি এমন একজন মানুষের অপেক্ষায় আছেন, যিনি তাকে, তার পরিবার এবং তার পেশাকে সম্মান করবেন।
এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘বিয়ে করব যখন সঠিক মানুষ পাব। যে মানুষ আমাকে প্রপার সম্মান দেবে, আমাকে, আমার প্রফেশনকে এবং আমার পরিবারকে ভালোবাসবে। আমার কাছে মনে হয়, জীবনে শুধু ভালোবাসার মানুষ নয়, ভালো রাখার মানুষ খুব দরকার। যে আমাকে ভালো রাখতে পারবে। আল্লাহ যদি সঠিক সময়ে সঠিক মানুষ দেন, তাহলে অবশ্যই বিয়ে করব।’
একটি সম্পর্কে পারস্পরিক সম্মান ও মানসিক শান্তির গুরুত্ব তুলে ধরে তটিনী বলেন, ‘ভালোবাসা অবশ্যই দরকার। কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে আপনাকে ভালো রাখতে পারছে কি না। কেউ হয়তো অনেক ভালোবাসে, কিন্তু সম্মান দেয় না। দিনশেষে সেখানে তো শান্তি থাকে না।’
বর্তমানে ক্যারিয়ারের ব্যস্ত সময় পার করছেন তটিনী। ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া তার অভিনীত একাধিক নাটক দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি পরিচালক সাজ্জাদ হোসেন বাপ্পি নির্মিত এবং খাইরুল বাশারের সঙ্গে জুটি বেঁধে অভিনীত ‘সুতরাং’ নাটকটিও দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে।