তামিল বিনোদন জগতের পরিচিত মুখ সুভাষিণী বালসুব্রহ্মণ্যমের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণি ছোট পর্দায়। গত সোমবার (৬ এপ্রিল) চেন্নাইয়ের পোরুর এলাকার একটি ভাড়া বাসা থেকে ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। জনপ্রিয় ধারাবাহিক ‘কয়াল’-এর মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই অভিনেত্রীর এমন মৃত্যু নিয়ে দানা বেঁধেছে নানা রহস্য।
প্রাথমিক তদন্ত ও ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, মৃত্যুর ঠিক আগে সুভাষিণী তাঁর স্বামী বিপিন চন্দ্রণের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলেন। কথোপকথনের এক পর্যায়ে তাঁদের মধ্যে তীব্র তর্কবিতর্ক শুরু হয় এবং অভিযোগ উঠেছে যে, সেই ঝগড়ার মাঝেই সুভাষিণী আত্মহত্যার পথ বেছে নেন। ওপাশে থাকা স্বামী বিপিন বিষয়টি আঁচ করতে পেরে দ্রুত অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মীদের খবর দেন। নিরাপত্তাকর্মীরা পুলিশসহ ঘরের দরজা ভেঙে সুভাষিণীকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সরকারি কিলপক মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কায় জন্ম নেওয়া সুভাষিণী ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন এবং সেই লক্ষ্যেই চেন্নাইয়ে পাড়ি জমান। শুরুতে অডিশন আর ছোট ছোট চরিত্রে অভিনয় করে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে এগোলেও ‘কয়াল’ ধারাবাহিকের মাধ্যমে তিনি নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। গত মাসের শুরুতেই শুটিংয়ের সুবিধার জন্য আইয়্যাপ্পান্থাঙ্গলে এই নতুন বাসায় উঠেছিলেন তিনি। তাঁর এই অকাল মৃত্যুতে সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে এবং পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।