মুক্তির ২৫ বছর পূর্তি সামনে রেখে আবারও একসঙ্গে হাজির হলেন ‘কাভি খুশি কাভি গম’-এর জনপ্রিয় জুটি কারিনা কাপুর ও হৃতিক রোশন। ২০০১ সালের সিনেমাটির স্মৃতি ফিরিয়ে আনতে তাঁদের নিয়ে একটি বিজ্ঞাপন তৈরি করেছেন পরিচালক করণ জোহর। এতে ‘পু’ ও ‘রোহন’ চরিত্রের বেশ কিছু পরিচিত দৃশ্য নতুনভাবে তুলে ধরা হয়েছে।

বিজ্ঞাপনে হৃতিককে দেখা যায় রাইচাঁদ পরিবারের বাড়ির আদলে তৈরি একটি ঘরে বসে জুতার ফিতা বাঁধতে ও শিস দিতে। কিছুক্ষণ পর গোলাপি পোশাকে সিঁড়ি দিয়ে নেমে আসেন কারিনা। পেছনে বাজতে থাকে সিনেমার জনপ্রিয় গান ‘ইউ আর মাই সোনিয়া’।

এরপর দুজনের কথোপকথনে ফিরে আসে সিনেমার ‘দোনো... হাম দোনো’ দৃশ্য। অতিথিদের তালিকা দেখে পু অবাক হলে রোহন তাঁকে সবাইকে স্বাগত জানানোর পরামর্শ দেন। পুরোনো সংলাপের পাশাপাশি নতুন কিছু মজার কথাও যোগ করা হয়েছে বিজ্ঞাপনে। শেষদিকে অতিথিদের স্বাগত জানাতে তাঁদের সঙ্গে হাজির হন করণ জোহর।

বিজ্ঞাপনটির ক্যাপশনে বলা হয়েছে, ২৫ বছর ধরে ভক্তরা এই পরিবারের অংশ হয়ে আছেন। তাঁদের জন্য উপহার হিসেবে মুম্বাইয়ে রাইচাঁদ পরিবারের বাড়িতে থাকার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ রাখা হয়েছে। এ জন্য এয়ারবিএনবির ওয়েবসাইটে বুকিংয়ের আমন্ত্রণও জানানো হয়েছে।

ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে কারিনা-হৃতিকের জুটির প্রশংসা করেছেন, কেউ কেউ আবার সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের দাবিও জানিয়েছেন।

২০০১ সালে মুক্তি পাওয়া ‘কাভি খুশি কাভি গম’ পরিচালনা করেছিলেন করণ জোহর। এতে আরও অভিনয় করেন শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন ও রানী মুখার্জি। সিনেমাটির পর হৃতিক ও কারিনা ‘মুঝসে দোস্তি করোগে!’ এবং ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁ’ ছবিতে জুটি হলেও এরপর বড় পর্দায় আর একসঙ্গে দেখা যায়নি তাঁদের।