মুম্বাইয়ের বিনোদন জগতে একের পর এক হুমকি ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে, আর এবার সরাসরি খুনের হুমকি পেলেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সালমান খানের ঘনিষ্ঠ রাজনীতিক বাবা সিদ্দিকী হত্যা মামলার অভিযুক্ত জিশান আখতারের নাম করে তাঁকে এই হত্যার হুমকি পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইট্টিন-এর বরাতে জানা গেছে, হুমকিটি সত্যিই জিশান দিয়েছেন নাকি অন্য কেউ তাঁর নাম ব্যবহার করে ভয় দেখানোর চেষ্টা করছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, বছর দুয়েক আগে নিজের বাড়িতে ছুরিকাঘাতের হামলার শিকার হয়েছিলেন সাইফ; এর মধ্যেই নতুন এই হুমকিতে ভক্তদের মাঝে শঙ্কা তৈরি হয়েছে।

২০২৪ সালের অক্টোবরে মুম্বাইয়ের বান্দ্রায় ছেলে জিশান সিদ্দিকির কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করা হয় সাবেক মহারাষ্ট্রের মন্ত্রী বাবা সিদ্দিকীকে। সাম্প্রতিক সময়ে বলিউডের একাধিক তারকা ও নির্মাতা বিভিন্নভাবে হুমকি ও হামলার মুখে পড়েছেন। এর মধ্যে সালমান খানের বাড়ির বাইরে গুলি, চলতি বছর ফেব্রুয়ারিতে পরিচালক রোহিত শেঠির বাড়ি লক্ষ্য করে গুলি এবং গত অক্টোবরে অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণের মতো ঘটনা ঘটেছে। এ ছাড়া রণবীর সিং, আয়ুষ শর্মা, কপিল শর্মা, আয়ুষ্মান খুরানা ও তুষার কাপুরের মতো তারকারাও বিভিন্ন সময়ে হুমকি পেয়েছেন, যা বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।