নেপালে কায়াকিং করতে গিয়ে প্রায় ডুবে প্রাণ হারাতে বসেছিলেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর নতুন পর্বে নিজের জীবনের সেই ভয়ংকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন ৮৪ বছর বয়সী এই অভিনেতা।
অনুষ্ঠানের এক প্রতিযোগীর সঙ্গে আলাপকালে অমিতাভ জানান, একটি সিনেমার শুটিংয়ে নেপালে গিয়ে কায়াকিং করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। প্রথমে রাজি না হলেও অভিজ্ঞতাটি কেমন, তা জানার কৌতূহল থেকে শেষ পর্যন্ত নৌকায় ওঠেন। তবে সরু কায়াকটিতে উঠতেই তাঁর প্রায় ৪৫ মিনিট লেগেছিল।
অমিতাভ বলেন, বৈঠা চালানোর সময় ভুল দিকে ঘোরানোর কারণে কায়াকটি উল্টে যায়। আগে থেকেই তাঁকে বলা হয়েছিল, এমন পরিস্থিতিতে পানির নিচ থেকে দুই হাত ওপরে ঠেলে নৌকাটি সোজা করার চেষ্টা করতে হবে। তাতে কাজ না হলে হাত নাড়িয়ে সাহায্যের সংকেত দিতে হবে।
অভিনেতা জানান, নৌকার নিচে আটকে পড়ে তিনি পানির মধ্যে হাত নাড়াতে নাড়াতে বের হওয়ার চেষ্টা করছিলেন। কারণ, দীর্ঘ সময় শ্বাস আটকে রাখা কারও পক্ষেই সম্ভব নয়।